বর্তমান নির্বাচন কমিশনকে অনেক আগেই বিদায় নেয়া উচিত ছিল : খালেদা জিয়া

আপডেট : ১৪ জুলাই ২০১৪, ২২:৪৩
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া বলেছেন, বর্তমান নির্বাচন কমিশন অথর্ব। তাদের অধীনে কোনো নির্বাচনই সুষ্ঠু হয়নি। তাদের অনেক আগেই সম্মান নিয়ে বিদায় হওয়া উচিত ছিল। জাসদ গণবাহিনী গঠন করে দেশের হাজার হাজার মানুষকে খুন করেছে। জাসদ নেতা হাসানুল হক ইনু এই সরকারের সঙ্গে যুক্ত হয়েছে। আর এরশাদও খুনি। সেই খুনিও এই সরকারের সঙ্গে রয়েছে। অর্থাত্ সরকারের সঙ্গে সব খুনিরা এক হয়েছে। গতকাল জাতীয় সংসদ ভবনের এলডি হল চত্বরে ডক্টরস এসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) আয়োজিত ইফতার মাহফিলে তিনি একথা বলেন। ইফতার মাহফিলে সভাপতিত্ব করেন ড্যাবের সভাপতি এ কে এম আজিজুল হক। খালেদা জিয়া বলেন, আওয়ামী লীগের সবাই এখন টেন্ডারবাজিতে ব্যস্ত। তাদের কোনো নিয়ন্ত্রণ নেই। ফলে ফ্রি স্টাইলে চলছে দুর্নীতি। দেশের এখন বিচারবিভাগের স্বাধীনতা হরণ করা হয়েছে। বিচার বিভাগ স্বাধীনভাবে কাজ করতে পারছে না। আর এখন চলছে বিচারকদের নিয়ন্ত্রণের চেষ্টা। তিনি বলেন, যাদের কাছে সাধারণ মানুষ নিরাপত্তা চাইবে তারাই এখন টাকার বিনিময়ে খুন-গুম করছে। ইফতার মাহফিলে আরও অংশ নেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ, রফিকুল ইসলাম মিয়া, এম কে আনোয়ার, অধ্যাপক এমাজ উদ্দিন আহমেদ, এস এম ফায়েজ, মোস্তাহিদুর রহমান, মাহবুব উল্লাহ, ইউসুফ হায়দার, চাষী নজরুল ইসলাম, শওকত মাহমুদ, রুহুল আমিন গাজী, কামাল উদ্দিন সবুজ, মিজানুর রহমান সিনহা, ড্যাবের সাবেক সভাপতি ডা. এম এ মাজেদ, ডা.এজেডএম জাহিদ হোসেন।