আগামী এক সপ্তাহের মধ্যে মহাসড়ক যানবাহন চলাচল উপযোগী হবে

আপডেট : ১৪ জুলাই ২০১৪, ২২:৪৫
যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের এমপি বলেছেন, আগামী এক সপ্তাহের মধ্যে সারা দেশের সড়ক ও জনপথ বিভাগের সড়ক মহাসড়কগুলো সচল এবং যানবাহন চলাচলের উপযোগী হবে। এতে সাধারণ মানুষের দুর্ভোগ সহনীয় পর্যায়ে নেমে আসবে। ঈদে ঘরমুখো যাত্রীদের আগের মতো রাস্তায় এত দুর্ভোগ পোহাতে হবে না। তিনি বলেন, টানা বর্ষণ হলে রাস্তায় একটু সমস্যা হয়েই থাকে। এ সময় ভারি ও মালবাহী পরিবহন চলাচলের কারণে রাস্তা আরও ক্ষতিগ্রস্ত হয়। যোগাযোগমন্ত্রী গতকাল সোমবার গাজীপুর মহানগরীর চান্দনা-চৌরাস্তা এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক চারলেন উন্নীতকরণ কাজ পরিদর্শন করতে এসে সাংবাদিকদের উদ্দেশ্যে এসব কথা বলেন। যোগাযোগমন্ত্রী আরও বলেন, ঈদের সময় যানজটের দুর্ভোগ কমাতে সকল মহাসড়ক থেকে অবৈধ যানবাহন সরিয়ে নেয়ার জন্য স্থানীয় প্রশাসনকে নির্দেশ দেয়া হয়েছে। ঈদের আগে তিন দিন ও পরের তিন দিন মহাসড়কে ভারি যান চলাচল বন্ধ থাকবে। এ সময় সিমেন্ট, রড, ইট, বালুসহ ভারি পণ্যবাহী যানবাহন রাস্তায় চলতে দেয়া হবে না। তবে ঔষধ, তৈরি পোশাক, খাদ্য, জ্বালানি বহনকারী যানবাহন চলবে। এসময় চার লেন প্রকল্পের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল সাজ্জাদ হোসেন, উপ-প্রকল্প পরিচালক কর্নেল যুবায়ের সালেহীন, সড়ক ও জনপথের ঢাকা জোনের অতিরিক্ত প্রধান প্রকৌশলী মো.আফতাব হোসেন খান, ময়মনসিংহ জোনের অতিরিক্ত প্রধান প্রকৌশলী মো. শাহাবুদ্দিন আহমেদ প্রমুখ উপস্থিত ছিলেন।