গোল্ডেন বল মেসির বুট রড্রিগেজের

আপডেট : ১৪ জুলাই ২০১৪, ২২:৪৮
লিওনেল মেসি যোগ্যতার নিরিখেই বিশ্বকাপের সেরা খেলোয়াড়ের পুরষ্কার জিতেছেন বলে মত দেন আর্জেন্টিনা কোচ আলেসান্দ্রো সাবেলা। মেসির দল গত রবিবার জার্মানির কাছে ১-০ গোলে হেরে বিশ্বকাপ জিততে না পারলেও টুর্নামেন্টের সেরা খেলোয়াড় হিসেবে গোল্ডেন বল জিতলেন মেসি। অপরদিকে গোল্ডেন বুট জেতেন ব্রাজিল বিশ্বকাপে সবচাইতে বেশি ছয় গোল করা কলম্বিয়ার ২৩ বছর বয়সী জেমস রড্রিগেজ। তিনি কেবল পাঁচ ম্যাচ খেলেই গোলগুলো করেন। ২৭ বছর বয়সী মেসির গোল হলো চারটি। যদিও জার্মানির টমার ম্যুলার পাঁচ গোল করে সেরা গোলদাতার তালিকায় দ্বিতীয় স্থানে থাকেন। অপরদিকে ফাইনালের সেরা খেলোয়াড়ের পুরষ্কার পান বিশ্বকাপ জয়ী জার্মান দলের একমাত্র ও জয়সূচক গোলটির মালিক মারিও গোটজে। জার্মান গোলরক্ষক ম্যানুয়েল ন্যুয়ার পেয়েছেন সেরা গোলরক্ষকের পুরষ্কার গোল্ডেন গ্লোভস। এছাড়া সেরা তরুণ খেলোয়াড়ের পুরষ্কার পেয়েছেন ফ্রান্সের পল পগবা। কোচ সাবেলা খেলা শেষে বলেন, মেসি পুরষ্কারটি পেয়েছে ‘খুবই যোগ্য’ হিসেবে। সে দারুণ একটা বিশ্বকাপ খেলে এই পর্যন্ত নিয়ে এসেছিল।’ মেসি অবশ্য খেলা শেষে পুরষ্কারটি সম্পর্কে বলেন, ‘বাস্তবতা হলো এ মুহূর্তে এটি আমাকে আকৃষ্ট করছে না। চারবারের ব্যালন ডি’অর জয়ী মেসি আরো বলেন, ‘আমরা আর্জেন্টিনার সমস্ত মানুষদের জন্য বিশ্বকাপটি জিততে চেয়েছিলাম। কিন্তু আমরা তা করতে পারিনি। আমরা চেষ্টা করেছিলাম। কিন্তু ভাগ্য আমাদের সাথে ছিল না। যদিও অন্য খেলাগুলোয় ভাগ্যের দেখা পেয়েছিলাম।’ ফিফা ঘোষিত পুরষ্কার : টুর্নামেন্টের সেরা খেলোয়াড়: ১ম-লিওনেল মেসি (আর্জেন্টিনা), ২য়-টমাস ম্যুলার (জার্মানি) ও আরিয়েন রোবেন (নেদারল্যান্ডস)। শীর্ষ গোলদাতা: ১ম-জেমস রড্রিগেজ (কলম্বিয়া)-৬ গোল, ২য়-টমাস ম্যুলার (জার্মানি)-৫ গোল ও ৩য়-নেইমার (ব্রাজিল)-৪ গোল। শীর্ষ গোলরক্ষক: ম্যানুয়েল ন্যুয়ার (জার্মানি) সেরা তরুণ ফুটবলার: পল পগবা (ফ্রান্স) ফেয়ার প্লে পুরষ্কার: কলম্বিয়া।