বিদায় ব্রাজিল দেখা হবে রাশিয়ায়

আপডেট : ১৪ জুলাই ২০১৪, ২২:৪৮
ব্রাজিলে বিশ্বকাপের উত্সব শেষে সবার নজর এখন রাশিয়ার দিকে। কেননা ২০১৮ সালে সেখানেই অনুষ্ঠিত হবে বিশ্বকাপ ফুটবলের ২১তম আসর। আর এটিকে লক্ষ্য রেখেই রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন নিজের দেশে ‘অবিস্মরণীয় এক ফুটবল উত্সব’ আয়োজনের প্রতিশ্রুতি দিলেন। এ বছরই ৫০০ কোটি ডলারের বেশি ব্যয়ে সোচি উইন্টার অলিম্পিক আয়োজনের পর পুতিনকে আরেকটি শত শত কোটি ডলারের প্রকল্প বাস্তবায়নের জন্য প্রস্তুত হতে হবে। সাবেক সোভিয়েত ইউনিয়নের পতনের পর ২০১৮ বিশ্বকাপ আয়োজন হচ্ছে রাশিয়ার সবচেয়ে উচ্চাকাংখী প্রকল্প। এরপরও আত্মবিশ্বাসী দেশটির প্রেসিডেন্ট পুতিন,‘আয়োজনটিকে সর্বোচ্চ পর্যায়ের করতে আমরা আমাদের সর্বসাধ্য প্রয়াস চালাবো।’ গত শুক্রবার রিও ডি জেনিরোর মারাকানা স্টেডিয়ামে তিনি বলেন, ‘সোচিতে আমরা সফলভাবে শীতকালীন অলিম্পিক আয়োজন করেছি এবং এখন আমরা সঠিক ভাবে বুঝতে পেরেছি এমন বড় মাপের আয়োজন কতটা চ্যালেঞ্জের।’ পুতিন বলেন, রাশিয়া বিশেষজ্ঞদের কাছ থেকে প্রশংসা পাওয়া ব্রাজিলের অভিজ্ঞতা থেকে শিখতে চায়। যদিও টুর্নামেন্টটি আয়োজনের প্রাক্কালে রাস্তায় বিক্ষোভ, বিশাল নির্মানযজ্ঞ এবং দুর্নীতির হুমকি এ আয়োজনকে বাধাগ্রস্থ করেছিল। কিউবার প্রেনসা ল্যাটিনা এবং রাশিয়ার সরকারি সংবাদ সংস্থা ইতার তাসকে পুতিন বলেন, ‘সত্যিকারের রাশিয়ান আপ্যায়নে ২০১৮ সালে অবিস্মরনীয় একটি ফুটবল উত্সব উপহার দিতে আমরা আমাদের সর্বোচ্চ চেস্টা করব।’ গত ফেব্রুয়ারি মাসে সোচি অলিম্পিকে ৫০০ কোটির বেশি ডলার খরচ করে ইতিহাসের সবচেয়ে সুন্দর আয়োজন উপহার দেয় রাশিয়া। তবে ফিফা বিশ্বকাপ আয়োজন সোচি গেমসের চেয়ে অনেক বড় চ্যালেঞ্জ। দেশটির ক্রীড়ামন্ত্রী ভিটারি মুটকো জানান ২০১৮ বিশ্বকাপের জন্য প্রাথমিকভাবে ২০০ কোটি ডলার নির্ধারন করা হয়েছে। এর মধ্যে অর্ধেক আসবে ব্যক্তিগত বিনিয়োগ থেকে এবং বাকি অর্ধেক আসবে আটটি আঞ্চলিক বাজেট থেকে। বিশ্বকাপের খেলাগুলো অনুষ্ঠিত হবে মস্কো, সেন্ট পিটার্সবার্গ, সোচি, কাজান, কালিনিনগ্রাদ, নিঝনি নবগোরোদ, সামারা সারান্সক, রোস্তোভ-অন-ডন এবং ভলগোগ্রাদে। ইতো মধ্যেই কিছু কিছু ভেন্যুর কাজ শেষ হয়ে গেছে অথবা শেষ হওয়ার পথে। বাকিগুলোর কাজ খুব শিগগিরই শুরু হবে। মুটকো বলেন, ‘বাকি কাজগুলো আমরা আগষ্ট অথবা সেপ্টেম্বরে শুরু করতে পারব বলে বলে আশা করছি। আমাদের বিশ্বাস যথা সময়ে সকল ভেন্যুর কাজ শেষ হবে।’ ফিফা সভাপতি সেপ ব¬াটার রাশিয়ার প্রস্তুতিতে সন্তোষ প্রকাশ করেছেন। তিনি বলেন, ‘শুরু থেকেই রাশিয়া পুনর্দ্যমে কাজ শুরু করেছে। এটা ভিন্নধর্মী একটা দৃষ্টিভঙ্গী। আমি অত্যন্ত খুশি।’বাসস