দক্ষিণাঞ্চলের পরিবহন ধর্মঘট অব্যাহত

আপডেট : ১৪ জুলাই ২০১৪, ২২:৪৯
বাস চালককে মারধরের ঘটনাকে কেন্দ করে খুলনা-মাওয়াসহ দক্ষিণাঞ্চলের পাঁচ রুটে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট অব্যাহত রয়েছে। এসব রুটে চলাচলকারী সাধারণ যাত্রীরা চরম ভোগান্তিতে পড়েছেন। বিশেষ করে ঈদকে সামনে রেখে ঘরমুখো মানুষ বিপাকে পড়েছেন বেশি। খুলনা জেলা বাস মিনিবাস কোচ মালিক সমিতি গত রবিবার সন্ধ্যা থেকে এ ধর্মঘটের ডাক দেয়। এদিকে, এই ঘটনাকে কেন্দ্র করে গোপালগঞ্জের উপর দিয়ে খুলনার বাস চলাচল দ্বিতীয় দিনের মতো বন্ধ করে দেওয়া হয়েছে। সংশ্লিষ্ট সূত্র জানায়, গত শনিবার দুপুরে সোনাডাঙ্গা আন্তঃজেলা বাস টার্মিনালে গোপালগঞ্জের এক বাস শ্রমিক খুলনার বাস চালক মুজিবরকে মারধর করে।এ ঘটনার পর মুজিবরের পক্ষের লোকজন গোপালগঞ্জের শ্রমিককেও বেদম প্রহার করে। এ খবর ছড়িয়ে পড়লে গোপালগঞ্জের বাস শ্রমিকদের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়। তারা রবিবার বিকেলে জেলার পুলিশ লাইনের সামনে অবস্থান নেয়। এরপর খুলনা-মাওয়া রুটের বাস থামিয়ে খুলনার পাঁচ শ্রমিককেও মারধর করে। এদের মধ্যে দুজনের অবস্থা গুরুতর। এ ঘটনার পর গত রবিবার খুলনা-মাওয়া রুটের বাস চলাচল বন্ধ করে দেওয়া হয়। খুলনা জেলা বাস মিনিবাস কোচ মালিক সমিতির সাধারণ সমপাদক মো. আনোয়ার হোসেন সোনা জানান, খুলনা ও গোপালগঞ্জের দুই চালকের মধ্যে মারামারির ঘটনার সমাধান করে দেওয়া হয়েছিল। তারপরও গোপালগঞ্জের স্থানীয় চালকরা খুলনার চালকদের মারধর করেছে। এরই প্রতিবাদে শ্রমিকরা বাস বন্ধ রেখে ধর্মঘট পালন করছে। তিনি জানান, ধর্মঘটের কারণে খুলনা-ঢাকা-মাওয়া, খুলনা-বরিশাল, খুলনা-গোপালগঞ্জ, খুলনা-টেকেরহাট ও খুলনা-ভাঙ্গা রুটে যানবাহন চলাচল বন্ধ রয়েছে। খুলনা মোটর শ্রমিক ইউনিয়নের সাধারণ সমপাদক মো. জাকির হোসেন বিপ্লব বলেন, শ্রমিক ও বাস রক্ষার জন্যই খুলনা থেকে মাওয়া রুটে বাস চলাচল অনির্দিষ্টকালের জন্য বন্ধ রাখার সিদ্ধান্ত নেয়া হয়েছে। গোপালগঞ্জ প্রতিনিধি জানান:গোপালগঞ্জ জেলা মোটর শ্রমিক ইউনিয়নের নেতা মোঃ বুলবুল ইসলাম জানান, সুষ্ঠু বিচার না হওয়া পর্যন্ত জেলার ওপর দিয়ে খুলনার কোন পরিবহন চলাচল করতে দেওয়া হবে না।