আগামীতে অবাধ ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে নির্বাচন কমিশনকে (ইসি) আরও কার্যকর পদক্ষেপ নিতে সুপারিশ করেছে যুক্তরাষ্ট্র। এর মধ্যে নির্বাচনে পর্যবেক্ষকের সংখ্যা বাড়ানো, একইসঙ্গে প্রতিটি কেন্দ্রে একজন করে পর্যবেক্ষক রাখা উল্লেখযোগ্য। সদ্য অনুষ্ঠিত উপজেলা পরিষদের নির্বাচন পর্যবেক্ষণের পর ঢাকাস্থ যুক্তরাষ্ট্র দূতাবাস এসব সুপারিশ করে। এছাড়া নির্বাচনটি নিরপেক্ষ হয়নি বলে যুক্তরাষ্ট্র তাদের প্রতিবেদনে উল্লেখ করেছে।
প্রায় মাসখানেক আগে যুক্তরাষ্ট্রের নির্বাচন পর্যবেক্ষণের প্রতিবেদনসহ এই সুপারিশ নির্বাচন কমিশনে পাঠানো হয়। গত সপ্তাহে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী রকীব উদ্দিন আহমদের কাছে যুক্তরাষ্ট্র দূতাবাসসহ দেশি-বিদেশি সংস্থার পর্যবেক্ষণ প্রতিবেদন জমা দেয় ইসির গণসংযোগ বিভাগ।
এ বিষয়ে নির্বাচন কমিশন সচিবালয়ের ভারপ্রাপ্ত সচিব মো. সিরাজুল ইসলাম বলেন, চতুর্থ উপজেলা পরিষদ নির্বাচন নিয়ে ‘কনফিডেনশিয়াল’ পর্যবেক্ষণ প্রতিবেদন পাঠিয়েছে ঢাকাস্থ যুক্তরাষ্ট্র দূতাবাস। তারা কিছু সুপারিশ দিয়েছে। যুক্তরাষ্ট্রের সুপারিশগুলো নিয়ে কি করা যায় তা দেখা হচ্ছে।
গত ১৯ জানুয়ারি ৫ ধাপে চতুর্থ উপজেলা পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনের প্রথম ও দ্বিতীয় ধাপের উপজেলা নির্বাচনে সহিংসতা কিছুটা কম হলেও ৩য়, ৪র্থ ও ৫ম ধাপের নির্বাচন ছিল সহিংসতাপূর্ণ। প্রসঙ্গত, গত ৫ জানুয়ারি দশম জাতীয় সংসদ নির্বাচনে কোন পর্যবেক্ষক না পাঠালেও উপজেলা নির্বাচনে ৭০ জন পর্যবেক্ষক পাঠায় যুক্তরাষ্ট্র।
