সিলেট নগরীতে টমটম (ইজিবাইক) চালানোর দাবিতে চালকরা গতকাল সোমবার সিলেট সিটি করপোরেশন ভবন (সিসিক) ঘেরাও করে। দুপুর ১টা থেকে ৩টা পর্যন্ত তারা সিসিক ঘেরাও করে অবস্থান নেয়। এ সময় তারা এক বিক্ষোভ সমাবেশের আয়োজন করে। পরে সিসিক মেয়র আরিফুল হক চৌধুরী অর্থমন্ত্রীকে নিয়ে বিষয়টি বৈধভাবে সমাধানের আশ্বাস দিলে ইজিবাইক চালকরা ঘেরাও তুলে নেয়।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, রমজানের শুরু থেকে নগরীতে বেআইনীভাবে টমটম চলাচলে নিষেধ দিয়েছে পুলিশ। এতে শত শত টমটম চলাচল বন্ধ হয়ে পড়ে। বহু চালক হয়ে যায় বেকার। ফলে মালিক ও চালকরা আন্দোলন করে যাচ্ছেন। তারা এ বিষয়ে বর্তমান মেয়র আরিফুল হকের সাথে বিষয়টি আলোচনা করেন। পরে তারা সাবেক মেয়র বদরুদ্দিন আহমদ কামরানের সাথে দেখা করেন। তবে বেআইনীভাবে টমটম চলাচলের বিষয়ে কামরানও কোন সায় দেননি।
সিসিক ভবনে ঘেরাও চলাকালে আয়েজিত সমাবেশে সভাপতিত্ব করেন সিলেট অটোবাইক মালিক-শ্রমিক ঐক্য পরিষদের নেতা মনির হোসেন মনির। জনি মিয়ার পরিচালনায় বক্তব্য রাখেন—শ্রমিক নেতা সৈয়দ গোলাম রহমান, জুবের খান, মো. আলী, হেলাল মিয়া প্রমুখ। শ্রমিক নেতা সৈয়দ গোলাম রহমান বলেন, হাজার হাজার শ্রমিক পরিবার অর্ধাহারে-অনাহারে দিন যাপন করছে। এ সময় মেয়র আরিফ বলেন, হাইকোর্টের আদেশ আমাদের মানতে হবে।
