ছোটমণিদের সন্দেশ

আপডেট : ১৫ জুলাই ২০১৪, ১৯:৪৫
সাদমানের সাফল্য বাংলাদেশ শিশু একাডেমী আয়োজিত ২০১৪ সালের জাতীয় শিশু পুরস্কার প্রতিযোগিতায় জাতীয় পর্যায়ে হামদ/নাত বিষয়ে প্রথম স্থান অধিকার করেছে সাদমান সাজিদ খান। মেধাবী সাদমানের ভালো আবৃত্তিকার হিসেবেও রয়েছে বিশেষ পরিচিতি। সে বর্তমানে কিশোরগঞ্জ সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্র। খুব ভালো ছবি আঁকে সাদমান। দৈনিক ইত্তেফাকের কচি-কাঁচার আসরে অনেকবার তার আঁকা ছবি প্রকাশিত হয়েছে। সে কচি-কাঁচার আসরের একজন সদস্য। ভবিষ্যতে সে অনেক বড় হতে চায়। গত ৪ মার্চ বাংলা একাডেমীর মিলনায়তনে বাংলাদেশ জাতীয় সংসদের মাননীয় স্পিকার ড. শিরিন শারমিন চৌধুরী শিশুশিল্পী সাদমানের হাতে স্বর্ণপদক তুলে দেন। অনুষ্ঠানে শিশু ও মহিলা বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি, শিশু ও মহিলা বিষয়ক মন্ত্রণালয়ের সচিব ও অনেক সুধীজন উপস্থিত ছিলেন। সে ইতিপূর্বেও একাধিকবার বিভিন্ন বিষয়ে জাতীয় পুরস্কার পেয়েছে। সে অতিরিক্ত জেলা ও দায়রা জজ মো. সায়েদুর রহমান খান ও যুব উন্নয়নের প্রশিক্ষক নাজমুন নাহার কাদীরের ছেলে। ০০০০০০০০০০০০০০০০ আনন শিশুসাহিত্য আসর আজ বিকাল ৩টায় গুলশান-২ এর নতুন বাজারস্থ মিয়াভাই প্লাজায় আনন ফাউন্ডেশনের উদ্যোগে এক শিশুসাহিত্য আসর অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন কবি আল-মাহমুদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন—কবি আল মুজাহিদী। সাহিত্য আসরে সভাপতিত্ব করবেন স.ম. শামসুল আলম। সাহিত্য আসরে স্বরচিত শিশুতোষ লেখা নিয়ে উত্সাহী লিখিয়ে ভাইবোনদের যথাসময়ে উপস্থিত থাকার জন্য অনুরোধ করা হয়েছে।