সেলিম বালা
বৃষ্টি পড়ে টাপুর টুপুর, কি অপরূপ ছন্দরে
বাতাস ভরা কদমফুলের কি মধুময় গন্ধরে!
ছাতা মাথায় চলছে পথিক, কেউ ভিজে এই বৃষ্টিতে
বাইরে যাওয়ার আছে মানা কারো কাজের লিস্টিতে।
বৃষ্টি পড়ে টাপুর টুপুর, ভিজছে জলে গাছগুলো
পুকুর, নদী, খালে, বিলে খেলছে খেলা মাছগুলো।
সকাল দুপুর যায় না চেনা, বর্ষা আসার পর থেকে
ইদানিং আর সূর্যিমামা ফেলেন না পা ঘর থেকে।
বৃষ্টি পড়ে টাপুর টুপুর, কে তোরা আজ আসবিরে
আমার সাথে ভিজে ভিজে খুশির মাঝে ভাসবিরে?
পালক খুলে উড়ছে পাখি সবাই মিলে দল বেঁধে
বৃষ্টি-মেয়ে ছন্দ তুলে নাচছে পায়ে মল বেঁধে।
বৃষ্টি পড়ে টাপুর টুপুর, একটানা সুর বাছছেরে
ময়ূর দু’টি পেখম তুলে আপনমনে নাচছেরে!
বৃষ্টি পড়ে টাপুর টুপুর, জাগালো সে দেশটাকে
বাদল শেষেও যায় না ভোলা এমন দিনের রেশটাকে।
সকাল-দুপুর-সন্ধ্যা-রাতে বৃষ্টি শুধুই ঝরছেরে
পুকুর-নদী-ডোবা-নালা জলে জলে ভরছেরে।
বৃষ্টি পড়ে টাপুর-টুপুর, জলে ভাসে হাঁসগুলো
বর্ষাকালে প্রাণ পেয়েছে সবুজ রঙের ঘাসগুলো।কোথায় শিল্পী, এমনদিনের ছবিটি সে আঁকছে কি
কিংবা কবি খাতার মাঝে লিখে কিছু রাখছে কি?
