জনপ্রিয় সার্চইঞ্জিন গুগলের ডুডল (লোগো) প্রতিযোগিতা ২০১৪ জিতে নিল ১১ বছর বয়সী চীনা বংশোদ্ভূত যুক্তরাষ্ট্রের বাসিন্দা অদ্রে ঝ্যাং। ‘ব্যাক টু দ্য মাদার নেচার’ শিরোনামে অদ্রে ঝ্যাং-এর আঁকা ছবিটি সম্প্রতি গুগলের ডুডল হিসেবে ব্যবহার করা হয়েছে। প্রাকৃতিক সুবিধাকে ব্যবহার করে কিভাবে পানি বিশুদ্ধ করা যায়। তারই নমুনা পাওয়া যায় ঝ্যাং-এর এই ছবিটিতে। পরে গুগলের এনিমেশন দল ঝ্যাং কে তার ছবিটি এনিমেশনে রূপ দিতে সাহায্য করে। এই এনিমেশনে দেখা যায় কিভাবে একটি ডানাওয়ালা যন্ত্র দূষিত পানি গ্রহণ করে বিশুদ্ধ করে দিচ্ছে, আরেকটি যন্ত্র ময়লা তুলছে, একটি মাকড়সা ময়লা ঝেড়ে দিচ্ছে, একটি হাস্যজ্জ্বোল তিমি আর একটি সুখী মানব পরিবার।
এক লাখেরও বেশী জমা পড়া ডুডলের মধ্য থেকে ঝ্যাং এর আঁঁকা ছবিটিই শ্রেষ্ঠ বিবেচিত হয়। ‘ডুডল ফর গুগল’ শিরোনামের প্রতিযোগিতার এটি সপ্তম আসর। ক্যালিফোর্নিয়া ভিত্তিক প্রতিষ্ঠান মাউন্টেইন ভিউ কিন্ডারগার্টেন থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত আমেরিকান শিক্ষার্থীদের এমন একটি ডুডল আঁকার প্রস্তাব দেয় যা উদ্ভাবনী হবে এবং পৃথিবীকে একটি উত্তম স্থানে পরিণত করবে। গুগলের কাছ থেকে ঝ্যাং ৩০ হাজার ডলারের কলেজ বৃত্তি এবং বিদ্যালয়ের জন্য ৫০ হাজার ডলারের গুগল ফর এডুকেশন টেকনলজি জিতে নেয়। বাংলাদেশের বিদ্যালয়গুলোতে বিশুদ্ধ পানি সরবারহের জন্য গুগল ডট ওআরজি দাতব্য প্রতিষ্ঠান তার নামে ২০ হাজার ডলার দান করেছে। গুগল আরও ২৫০ জন শেষ প্রতিযোগী, ৫০ জন রাজ্য বিজয়ী এবং বয়সভিত্তিক ৫ জন জাতীয় বিজয়ী নির্ধারণ করেছে।
