সংগীত শিল্পী বাপ্পা মজুমদারের পরিবারের সাথে তখন তাদের পরিবারের খুব ঘনিষ্ঠতা। বাবা পেশায় শিক্ষক। সেই সূত্রে বাপ্পা মজুমদার তাদের বাসায় যেতেন পড়তে। একসময় বাপ্পা মজুমদারের মাধ্যমে ছেলেটি দেখা পেলেন তার প্রেরণার গুরুকে। ছোটবেলায় গুণী কণ্ঠশিল্পী ফাহমিদা নবীর গান শুনেই প্রথম গানের প্রেমে পড়েন আকিব বিন আক্তার। মূলত তার উত্সাহেই আকিবের সংগীতে পথচলা শুরু। আর এখন সে-ই গানই হয়ে উঠেছে তার ধ্যান-জ্ঞান, স্বপ্নের উত্স। সফলভাবে আকিব প্রতিভা মেলে ধরেছেন বিভিন্ন অঙ্গনে। সম্প্রতি তিনি ‘হিপ ফিউশন হপ’ নামে একটি মিক্সড অ্যালবামে গান করেছেন। ‘ভালোবেসেছি তোমায়’ শিরোনামে এ দ্বৈত গানটি বেশ শ্রোতাপ্রিয়তা পায়। গানে তার সঙ্গে কণ্ঠ দিয়েছেন সোনিয়া। গানটি জনপ্রিয় হওয়ার পর আকিব শিল্পী হিসেবে পরিচিতি পান। ক্লাস নাইনে পড়াবস্থায় আকিবের গানে হাতেখড়ি বাংলাদেশ শিশু একাডেমীতে। সেখানে খোদাবক্স সানু এর কাছে গান শেখা শুরু করেন। এরপর বিভিন্ন শিল্পীদের কাছে বাসায় গিয়ে গান শিখেন। বর্তমানে ওস্তাদ মোহাম্মদ ইয়াসিন খানের এর কাছে তালিম নিচ্ছেন ক্লাসিক্যাল সংগীতের। আর রবীন্দ্রসংগীত শিখছেন ছায়ানটে।
গান শেখার পাশাপাশি বর্তমানে বেশকিছু নাটকের সূচনা সংগীতে কণ্ঠ দিয়েছেন তিনি। পাশাপাশি বন্ধুদের নিয়ে ‘ক্রাসড’ নামে একটি ব্যান্ডও গঠন করেছেন। নিয়মিত লাইভ, স্টেজ শো ও কনসার্টের এর বাইরে মঞ্চেও কাজ করছেন। একবছর ধরে ‘দশরূপক থিয়েটারে’ ‘বিজলী’ নাটকে নৈপথ্য সংগীতের কাজ করেন। মঞ্চ নাটকে নৈপথ্যে সংগীতে বিশেষ অবদানের জন্য এবছর বাংলাদেশ শিল্পকলা একাডেমী আয়োজিত আন্তর্জাতিক নাট্যোত্সবে ‘মঞ্চকুড়ি পদক-২০১৪ পুরস্কার’ লাভ করেন আকিব। এর আগে ২০০২ সালে ফেবার-ক্যাস্টেল আয়োজিত চিত্রাঙ্কন প্রতিযোগিতায় সারাদেশের মধ্যে হন তৃতীয়। বিশ্ব রেডক্রস রেডক্রিসেন্ট দিবস ২০১২-১৩ উপলক্ষে আয়োজিত প্রতিযোগিতায় সাংস্কৃতিক প্রতিযোগিতায় সকল বিভাগে হয়েছেন প্রথম। ২০১৩ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় আয়োজিত আবৃত্তি কর্মশালায় প্রথম হন।
পড়াশোনায়ও পিছিয়ে নেই আকিব। ভালো রেজাল্টের পাশাপাশি কো-কারিকুলাম এক্টিভিটিজে সফলতার জন্য ন্যাশনাল ব্যাংক থেকে পেয়েছে স্কলারশীপ। ইতিমধ্যে বেশ কয়েকটি বিজ্ঞাপনের জিঙ্গেলে কণ্ঠ দিয়েছে তিনি। গ্রিনিজ বুক ওয়ার্ল্ডে রেকর্ডের জন্য বাসুদেব ঘোষ ৪০০ ‘দেশের গানের’ একটি অ্যালবাম তৈরি করছেন। সেখানে বাসুদেব ঘোষের সংগীত আয়োজনে একটি গানে কণ্ঠ দেয়ার সুযোগ পেয়েছেন তিনি। নাটক ও সিনেমায় অসংখ্যবার অভিনয় করার অফার পেলেও ফিরিয়ে দিয়েছেন আকিব। তবে ‘স্টোরি অব সামারা’ ছবিতে কাজের সম্ভাবনা আছে। আপাতত পড়াশোনার পাশাপাশি শুধু গানে মনযোগী হতে চান না তিনি। আকিব স্ট্যামফোর্ড বিশ্ববিদ্যালয়ের বিবিএতে ১ম বর্ষে পড়ছেন।
