গল্প নয় সত্যি

সার্ফিংয়ের সাথে গিটার

আপডেট : ১৫ জুলাই ২০১৪, ২০:০১
চর্চা, নিষ্ঠা আর একাগ্রতা যে অনেক কঠিন কাজকেও বেশ সহজসাধ্য করে তুলতে পারে সেটাতো অনেকেরই জানা। তবে তাই বলে উত্তাল জলরাশির মাঝে সার্ফিং করার পাশাপাশি একই সাথে গিটার বাজানোর মতো কোনো কাজ যে স্রেফ চর্চা আর একাগ্রতা দিয়েই অর্জন করা সম্ভব নয় সেটাও সত্য। বরং এজন্য নিষ্ঠার পাশাপাশি থাকতে হয় যথাযথ প্রতিভার সংমিশ্রণও। যেটি করে গোটা দুনিয়ার অনেককেই রীতিমতো তাক লাগিয়ে দিয়েছেন কানাডীয় তরুণ ক্রিস হাউ। সার্ফিং এর মতো একটি কাজে যেখানে নিজের ভারসাম্য বজায় রাখার জন্য সার্ফারদেরকে প্রায়ই তাদের হাতের সাহায্যে শরীর নাড়িয়ে পানিতে পড়ার হাত থেকে নিজেদের হাত রক্ষা করতে হয় সেখানে ক্রিস হাউ তার এই প্রতিভা প্রদর্শণের পুরো সময়টিতেই হাত দু’টিকে ব্যস্ত রেখেছিলেন গিটার বাদনের কাজে। আর তার বাজানো গিটারের সুরমূর্ছনাটাও নেহাত সহজ সাধারণ কোনো কম্পোজিশন ছিল না। বরং হাতে ধরে থাকা গিটারে রীতিমতো রক সংগীতের মূর্ছনাই বাজিয়ে শুনিয়েছেন ক্রিস। পুরো বিষয়টি নিখুঁতভাবে করার জন্য প্রথমেই সামনে থাকা একটি স্পিডবোটের সাহায্যে (যেটিতে পুরো বিষয়টি ভিডিও করতে থাকা ক্রু’রাও ছিলেন) সার্ফিং এর প্রাথমিক গতিটুকু অর্জন করেন ক্রিস। এরপর স্পিডবোটের সাথে সংযোগ বিচ্ছিন্ন করে স্বাধীনভাবেই সার্ফিং করতে থাকেন ক্রিস। অন্যদিকে তার বাজানো সুরের মূর্ছনা ভিডিও’র সাথে সংযুক্ত করা এবং রেকর্ড করার জন্য তিনি গিটারের সাথে একটি বিশেষ ডঙ্গল ও আইফোনের একটি অ্যাপ এর সাহায্য নেন। সবমিলিয়ে চোখ কপালে তোলার মতো এই ভিডিওটিই ক্রিস ছড়িয়ে দেন ভিডিও শেয়ারিং এর সাইট ইউটিউবে যেটি এরই মধ্যে ভাইরাল আকারে ছড়িয়ে পড়তে শুরু করেছে। আর তার এই প্রতিভার প্রচারই হয়তো তাকে ভবিষ্যতে ব্যতিক্রমী ও আকর্ষণীয় কোনো কাজ খুঁজে পেতে সাহায্য করবে!