নাইজেরিয়ার প্রেসিডেন্টের সাথে মালালার সাক্ষাত্

আপডেট : ১৫ জুলাই ২০১৪, ২০:৪৫
নাইজেরিয়ায় প্রেসিডেন্ট গুডলাক জোনাথনের সঙ্গে সাক্ষাত্ করেছেন তালেবান হামলার শিকার হওয়া পাকিস্তানি কিশোরী ও নারী অধিকার কর্মী মালালা ইউসুফজাই। বোকো হারাম জঙ্গিদের হাতে অপহূত অন্তত ২শ’ স্কুল ছাত্রীকে উদ্ধারের জন্য আরো উদ্যোগী হওয়ার তাগাদা দিতেই জোনাথনের সঙ্গে সাক্ষাত্ করেন মালালা। এ ঘটনার পরিপ্রেক্ষিতে নাই-জেরিয়ার জোনাথন সরকার বোকো হারামের তত্পরতা সামাল দিতে যথেষ্ট ব্যবস্থা নিচ্ছে না বলে কড়া সমালোচনার মুখোমুখি হয়েছে। মালালার সাথে সাক্ষাত্কালে প্রেসিডেন্ট জোনাথন বলেন, অপহূত স্কুল ছাত্রীদের অভিভাবকদের সাথে তিনি ব্যক্তিগতভাবে দেখা করেছেন এবং তাদের উদ্ধারের ব্যাপারে তার সরকার যথাসম্ভব চেষ্টা চালিয়ে যাচ্ছে। এর আগে রবিবার অপহূত ছাত্রীদের বাবা-মায়ের সঙ্গে দেখা করে তাদের সঙ্গে একাত্মতা প্রকাশ করেন মালালা। অপহূত ছাত্রীদের বাবা-মায়ের প্রতি মালালা বলেন, যখন বাবা মা জানেন যে তার সন্তান বিপদে আছে তখন সেটা তাদের জন্য খুব কঠিন পরিস্থিতি তৈরি করে। এবছর আমার জন্মদিনে প্রার্থনা থাকবে তাদের যেন জীবিত ফিরিয়ে আনা হয়। জঙ্গি দলটির নেতা আবারো একটি ভিডিও বার্তায় জানিয়েছেন, বন্দি যোদ্ধাদের মুক্তির বিনিময়ে অপহূত ছাত্রীদের মুক্তি দিতে রাজি তারা। বোকো হারাম তিন মাস আগে বর্নো রাজ্যের চিবোক থেকে ২শ’ স্কুল ছাত্রীকে অপহরণ করার পর ঘটনাটি সরাবিশ্বে আলোড়ন সৃষ্টি করে।