১৯৮৭: অস্ট্রেলিয়ান যুগের শুরু

আপডেট : ২৯ মে ২০১৯, ২২:২৯

বিশ্বকাপ খোলস ছেড়ে বেরিয়ে আসতে শুরু করলো ১৯৮৭ সালে। এর আগের টানা তিনটি বিশ্বকাপ আয়োজিত হয়েছে ইংল্যান্ডে। এবার প্রথমবারের মতো সমুদ্র পার হয়ে এই আসর বসলো ভারত ও পাকিস্তানে। শুধু ভেন্যুতেই নয়, আয়োজনের আরও অনেক দিকেই লাগলো পরিবর্তনের ছোয়া। সবচেয়ে বড় পরিবর্তন হল এখনকার পরিচিত আকার, মানে ৫০ ওভারের ওয়ানডে ক্রিকেট শুরু হল এই বিশ্বকাপে।

পৃষ্ঠপোষক প্রুডেন্সিয়ালের জায়গা নিলো ভারতীয় প্রতিষ্ঠান রিলায়েন্স। আর এইসব পরিবর্তনকে দারুণ অর্থবহ করে প্রথম শিরোপা জিতলো অস্ট্রেলিয়া। বিশ্বকাপের ফরম্যাটটা অবশ্য আগের আসরের মতোই ছিল গ্রুপপর্বে প্রত্যেকে প্রত্যেকের সঙ্গে দু’বার করে খেলা। আর এই গ্রুপপর্বে ভিভিয়ান রিচার্ডসের প্রবল প্রতাপের পরও ছিটকে গেল ওয়েস্ট ইন্ডিজ। সেমিফাইনালে পৌঁছালো দুই স্বাগতিক ভারত-পাকিস্তান এবং চিরায়ত দুই ক্রিকেট প্রতিদ্বন্দ্বী ইংল্যান্ড-অস্ট্রেলিয়া। অনেক নাটকীয়তা সত্ত্বেও দুই স্বাগতিক প্রতিবেশীকে ছিটকে দিয়ে ফাইনালে চলে গেলো অ্যাশেজ জুটি ইংল্যান্ড ও অস্ট্রেলিয়া। ইংল্যান্ডের জন্য স্বপ্নটা ছিল নিজেদের দেশের বাইরের প্রথম আসরের ট্রফিটা ঘরে তুলে তিনবারের হাহাকার ঘোচানো। আর অস্ট্রেলিয়ার বিগত সোনালি প্রজন্মের জন্য এটা ছিল প্রয়োজন। দুইয়ে মিলে বিশ্বকাপের ইতিহাসের সবচেয়ে উত্তেজনাপূর্ণ ফাইনাল দেখা গেল। ইংল্যান্ডকে ৭ রানে হারিয়ে প্রথমবারের মতো ট্রফি স্পর্শ করলো অস্ট্রেলিয়ানরা।