১৯৯৯: স্টিভ ওয়াহ ও বুলবুলদের বিশ্বকাপ

আপডেট : ২৯ মে ২০১৯, ২২:৩০

তিন আসর পর বিশ্বকাপ ফিরলো ইংল্যান্ডে। এই প্রথম বিশ্বকাপের মত বড় আসরে খেলে ফেললো আমিনুল ইসলাম বুলবুলের বাংলাদেশ। প্রথম দুই খেলায় নিউজিল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজের কাছে হারে তারা। তৃতীয় ম্যাচে আইসিসির সহযোগী সদস্য হিসেবে তখনকার সতীর্থ স্কটল্যান্ডের বিপক্ষে পায় প্রত্যাশিত জয়। আগে ব্যাটিং করে ৫০ ওভারে ৯ উইকেটে ১৮৫ রান তোলে বাংলাদেশ। মিনহাজুল আবেদীন অপরাজিত ৬৮ রান করেন। এরপর স্কটল্যান্ডকে ১৬৩ রানে অলআউট করে ২২ রানে হারিয়ে বিশ্বকাপের প্রথম জয় পায় বাংলাদেশ। দ্বিতীয়টি আরো বিখ্যাত। গ্রুপের শেষ ম্যাচে তখনো পর্যন্ত অপরাজিত পাকিস্তানকে ৬২ রানে হারিয়ে দেয় বাংলাদেশ! নিজেরা ৯ উইকেট ২২৩ রান তোলার পর পাকিস্তানকে ১৬১ রানে অলআউট করে ঐতিহাসিক জয়। ১০ ওভারে ৩১ রান দিয়ে তিন উইকেট নেওয়ায় ম্যান অব দ্য ম্যাচ খালেদ মাহমুদ সুজন।

এই বিশ্বকাপে ল্যান্স ক্লুজনারের ‘নায়ক’ থেকে ট্র্যাজিক নায়ক’ হয়ে ওঠা; সেমিফাইনালে অ্যালান দিগিবদিক শূন্য সেই দৌড়; দক্ষিণ আফ্রিকানদের আবারো চোকার হয়ে ওঠা; শেন ওয়ার্নের স্পিন-বিষ; সুপার সিক্স নিয়মের প্রচলন— এতো কিছুর পরও শেষটায় এসে ফাইনালটা হয়েছিল একেবারেই একতরফা। ৩৯.১ ওভার ব্যাটিং করে মাত্র ১৩২ রানে গুটিয়ে যায় পাকিস্তান। অস্ট্রেলিয়া বিশ্বকাপ ট্রফি জয় নিশ্চিত করে মোটে ২০.১ ওভারেই; তাও মাত্র দুই উইকেট হারিয়ে। শুরু হয় অজেয় অস্ট্রেলিয়ার যুগ।