বটিয়াঘাটায় শিক্ষার্থীর অভাবে বন্ধের পথে ৯১টি স্কুল

আপডেট : ১৫ জুলাই ২০১৪, ২১:১৬
পরিবার পরিকল্পনা কার্যক্রমের ব্যাপকতায় উপজেলার অধিকাংশ প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীর সংখ্যা আশংকাজনকভাবে হ্রাস পেয়েছে। যে কারণে ৯১টি শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ হওয়ার উপক্রম হয়ে পড়েছে। এ উপজেলায় শিশু জন্মের হার .৫ হওয়ায় নিয়ম অনুযায়ী শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থী না থাকলেও শিক্ষকের হার এখন বেড়েই চলেছে। উপজেলা সদর এলাকার স্কুলগুলোতে শিক্ষকের সংখ্যা প্রত্যন্ত এলাকার স্কুলগুলোর তুলনায় দ্বিগুণ। তারপরও সেখানেই ডেপুটেশনে রয়েছেন ৪০ শিক্ষক। নীতিমালা অনুযায়ী ৫০ জন শিক্ষার্থীর জন্য ১ জন শিক্ষক থাকার বিধান রয়েছে। অথচ কোন কোন বিদ্যালয়ে ৩০/৩৫ জন শিক্ষার্থীর জন্য শিক্ষক রয়েছেন ৩/৪ জন। উপজেলার মোট ১২৫টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ১৮ হাজার ৪৫৮ জন ছাত্রছাত্রীর জন্য ৫৪৩ জন শিক্ষক কর্মরত আছেন। সে অনুযায়ী মাত্র ৩৩ জনের জন্য রয়েছেন ১ জন শিক্ষক। জেলা প্রাথমিক স্কুল শিক্ষা কর্মকর্তা অশোক কুমার সমাদ্দারের নিকট ফোনে জানতে চাইলে তিনি ইত্তেফাককে বলেন, অতীত থেকে এসব স্কুলে পদ সৃষ্টি হয়ে থাকায় এখন শিক্ষার্থী যতই কম থাকুক কিছুই করার নেই। প্রাথমিক স্কুলশিক্ষক সমিতির সভাপতি জ্যোতিন্দ্রনাথ রায় বলেন, শিক্ষক সমন্বয় করে অথবা পদ সৃষ্টির মাধ্যমে বিদ্যালয়গুলো রাখার চেষ্টা চলছে।