বড়াইগ্রামে ২০টি কমিটির দলনেতাদের অভিষেক
বড়াইগ্রাম (নাটোর) সংবাদদাতা \ নাটোরের বড়াইগ্রামে গতকাল মঙ্গলবার একটি বাড়ি একটি খামার প্রকল্পের ২০টি ব্যবস্থাপনা কমিটির দলনেতাদের অভিষেক অনুষ্ঠিত হয়েছে। নির্বাহী অফিসার মোসা. শরীফুন্নেসার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন আলহাজ্ব অধ্যাপক আব্দুল কুদ্দুস এমপি। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, বনপাড়া পৌর মেয়র কেএম জাকির হোসেন, বিআরডিবি’র জেলা উপ-পরিচালক আরিফ জুলফিকার, ওসি ইব্রাহিম হোসেন, ইউপি চেয়ারম্যান সিদ্দিকুর রহমান ও শামসুজ্জোহা, সমাজসেবক আব্দুল জলিল, বিআরডিবির চেয়ারম্যান ওয়াজেদ আলী সোনার। স্বাগত বক্তব্য রাখেন, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা শ্যামলী রানী কুন্ডু প্রমুখ।
মোরেলগঞ্জে প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার বিতরণ
মোরেলগঞ্জ (বাগেরহাট) সংবাদদাতা \ বাগেরহাটের মোরেলগঞ্জে প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার বিতরণ অনুষ্ঠানে বাগেরহাট-৪ আসনের সংসদ সদস্য সাবেক প্রতিমন্ত্রী আলহাজ্ব ডা. মোজাম্মেল হোসেন প্রধান অতিথি ছিলেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আব্দুল হালিমের সভাপতিত্বে গতকাল মঙ্গলবার অফিসার্স ক্লাবে অনুষ্ঠিত এ হুইল চেয়ার বিতরণী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান আজমীন নাহার। এতে আলোচনা করেন, বাগেরহাট জেলা প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা মোঃ শামীম আহসান, ফিজিও থেরাপি কনসালটেন্ট ডা. আব্দুল্লাহ আল মামুন, মুক্তিযোদ্ধা কমান্ডার লিয়াকত আলী খান, উপজেলা আ. লীগ সহ-সভাপতি শফিকুর রহমান লাল, মোঃ ইব্রাহীম হোসেন হাওলাদার, থানা ওসি মোঃ আসলাম খান। আলোচনা শেষে মোরেলগঞ্জ ও শরণখোলার ২৪জন প্রতিবন্ধীর মাঝে হুইল চেয়ার তুলে দেয়া হয়।
সৈয়দপুরে প্রতিবন্ধী বিজু বালা পেলেন হুইল চেয়ার
সৈয়দপুর (নীলফামারী) সংবাদদাতা \ শারীরিক প্রতিবন্ধী বিজু বালা রায় (৪৮)। উচ্চ রক্তচাপ রোগে আক্রান্ত হয়ে চলনশক্তি হারান। অসহায় ওই বৃদ্ধা হামাগুড়ি দিয়ে সৈয়দপুর শহরের রাস্তায় রাস্তায় ভিক্ষে করে জীবন নির্বাহ করে আসছিলেন। থাকেন শহরের হাতিখানা মাছুয়াপাড়া মহল্লায়। দীর্ঘদিন ধরে পায়ে হেঁটে চলাচলে অক্ষম বিজু বালা এভাবে দুর্বিষহ জীবনযাপন করছিলেন। সমপ্রতি নীলফামারী- ৪ আসনের সংসদ সদস্য ও বিরোধী দলীয় হুইপ আলহাজ্ব মো. শওকত চৌধুরী শহরের হাতিখানা মাছুয়াপাড়ায় হিন্দু সমপ্রদায়ের মানুষের সঙ্গে মতবিনিময় করতে আসেন। এ সময় হামাগুড়ি দিয়ে চলা বিজু বালা রায়কে দেখতে পান তিনি। পরে তিনি তার দুর্ভোগ ঘোচাতে একটি হুইল চেয়ার দেয়ার আশ্বাস প্রদান করেন। হুইপ আলহাজ্ব মো. শওকত চৌধুরী গতকাল মঙ্গলবার ওই হুইল চেয়ারটি তাকে তুলে দেন। এ সময় সৈয়দপুর পৌরসভার সাবেক কমিশনার মুক্তিযোদ্ধা এ কে এম ফজলুল হক, মানিক বিশ্বাস ও বেশ কয়েকজন সংবাদকর্মী উপস্থিত ছিলেন।
মেহেরপুরে মাদকের বিরুদ্ধে ব্যতিক্রমধর্মী মানববন্ধন
মেহেরপুর প্রতিনিধি \ প্রকাশ্যে মাদকদ্রব্য ক্রয় ও বিক্রি বন্ধের দাবিতে মেহেরপুর শহরের হালদারপাড়া যুব সম্প্রদায়ের উদ্যোগে মশাল জ্বালিয়ে ব্যতিক্রমধর্মী মানববন্ধন করা হয়েছে। গত সোমবার রাতে মেহেরপুর জেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান হিরণের নেতৃত্বে প্রায় অর্ধশতক যুবক ওই ব্যতিক্রমধর্মী মানববন্ধনে অংশগ্রহণ করেন। এর আগে মাদক ব্যবসায়ীদের নাম সম্বলিত পোস্টার বিভিন্ন স্থানে সাঁটানো হয়। এসময় ইমন বিশ্বাস, আলম, সুজন বিশ্বাস প্রমুখ সেখানে উপস্থিত ছিলেন।
জলঢাকায় যুবলীগের দু’গ্রুপের ধাওয়া-পাল্টা ধাওয়া
জলঢাকা (নীলফামারী) সংবাদদাতা \ নীলফামারীর জলঢাকায় গত সোমবার সন্ধ্যায় যুবলীগের দু’গ্রুপের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ও সড়ক অবরোধের ঘটনা ঘটেছে। প্রত্যক্ষদর্শীরা জানায়, ইফতারের আগে কৈমারী ইউনিয়নের যুবলীগের সাধারণ সম্পাদক মকছুদার রহমান লেলিন পৌরশহরে অবস্থিত শাম্মী হোটেলে এলে যুবলীগের পৌর আহবায়ক সাইফুল ইসলাম পিকুর সাথে সাংগঠনিক বিষয় নিয়ে বাক-বিতণ্ডার সৃষ্টি হয়। একপর্যায়ে হাতাহাতির ঘটনা ঘটে। এ ঘটনায় উপজেলা শ্রমিক লীগের যুগ্ম আহবায়ক শাহিনুর রহমান ঘটনাস্থলে এলে তার সাথেও কথা কাটাকাটির সৃষ্টি হয়। পরে শাহিনুর রহমান বাসস্ট্যান্ডে গিয়ে আকস্মিক প্রায় ১ ঘণ্টা সড়ক অবরোধ করে। অবরোধ চলাকালে স্থানীয় এমপি অধ্যাপক গোলাম মোস্তফা একটি ইফতার মাহফিলে যাওয়ার পথে কতিপয় শ্রমিকদের তোপের মুখে পড়েন। তাত্ক্ষণিকভাবে এমপি ঘটনার সুষ্ঠু সমাধানের আশ্বাস দিলে শ্রমিকের একাংশ অবরোধ তুলে নেয়।
ব্রাহ্মণবাড়িয়ায় কালেক্টরেট সহকারীদের কর্মবিরতি
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি \ ব্রাহ্মণবাড়িয়া কালেক্টরেট সহকারীদের ২ দফা দাবিতে কর্মবিরতি অব্যাহত রয়েছে। পদবী ও বেতন স্কেল পরিবর্তনের দাবিতে গত সোমবার থেকে বৃহস্পতিবার সকাল ৯ টা থেকে বিকেল সাড়ে ৩টা পর্যন্ত পূর্ণ দিবস কর্মবিরতির অংশ হিসাবে গতকাল মঙ্গলবার জেলা প্রশাসক কার্যালয় প্রাঙ্গণে কালেক্টরেট সহকারীরা অবস্থান কর্মসূচি পালন করে। এসময় জেলা কালেক্টরেট সহকারী সমিতির সভাপতি মোঃ আক্তার হোসেনের সভাপতিত্বে সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে বক্তারা বলেন আগামী ১৭ জুলাইর মধ্যে দাবি পূরণ না হলে ১৯ জুলাই বৃহত্তর কর্মসূচি ঘোষণা করা হবে।
ঘোড়াঘাট পৌর জামায়াতের সেক্রেটারি গ্রেফতার
ঘোড়াঘাট (দিনাজপুর) সংবাদদাতা\ গত সোমবার রাত ৯ টার দিকে ঘোড়াঘাট পৌর জামায়াতের সেক্রেটারী আব্দুল মান্নানকে পুলিশ গ্রেফতার করেছে। ঘোড়াঘাট থানার অফিসার ইনচার্জ ফরহাদ ইমরুল কায়েস জানান, আটক আব্দুল মান্নানের বিরুদ্ধে ভোট কেন্দ্রে আগুন দেয়া ও এলাকায় সন্ত্রাসী কার্যক্রমে জড়িত থাকায় তার বিরুদ্ধে ৩ টি মামলা রয়েছে। এরমধ্যে দ্রুত বিচার আইনের একটি মামলায় তার নামে গ্রেফতারী পরওয়ানা ছিল। সে দীর্ঘদিন থেকে পলাতক থাকা অবস্থায় গোপন সংবাদের ভিত্তিতে তাকে ঘোড়াঘাট আজাদ মোড় থেকে গ্রেফতার করে গতকাল মঙ্গলবার আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
লালপুরে ব্রাকের অ্যাডভোকেসি ওয়ার্কসপ
লালপুর (নাটোর) সংবাদদাতা\ গতকাল মঙ্গলবার সকালে ব্র্যাক সামাজিক ক্ষমতায়ন কর্মসূচির উদ্যোগে নাটোরের লালপুর উপজেলা বিআরডিবি হল রুমে সরকারী কর্মকর্তা, সুশীল সমাজ ও স্থানীয় জনপ্রতিনিধিদের নিয়ে অ্যাডভোকেসি ওয়ার্কসপ অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার আমিরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান হারুনর রশিদ পাপ্পু, মহিলা বিষয়ক কর্মকর্তা নীলা হাফিয়া, ইউপি চেয়ারম্যান মোখলেসুর রহমান, ব্র্যাক নাটোর আঞ্চলিক অফিসের ডিএম (এসবি) আকছেদ আলী, এসডিএম (এসএলজি) মানসুরা খাতুন, কর্মসূচি সংগঠক রাখিয়া খাতুন প্রমুখ।
পাকুন্দিয়ায় ফলদ ও বৃক্ষ মেলার উদ্বোধন
পাকুন্দিয়া (কিশোরগঞ্জ) সংবাদদাতা\ কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় গতকাল মঙ্গলবার তিন দিনব্যাপী ফলদ ও বৃক্ষ মেলার উদ্বোধন করা হয়েছে।
উপজেলা কৃষি কর্মকর্তা মুহাঃ লিয়াকত হোসেন খানের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে মেলার উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যান মো.রফিকুল ইসলাম রেনু। এসময় উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান শামসুন্নাহার আপেল, কৃষি সমপ্রসারণ কর্মকর্তা সাজ্জাত হোসেন তালুকদার প্রমুখ।
নেত্রকোনা পৌরসভার বাজেট ঘোষণা
নেত্রকোনা প্রতিনিধি\ নেত্রকোনা পৌরসভার ২০১৪- ১৫ অর্থ বছরের জন্য শতকরা ২০%কর বৃদ্ধিসহ ৫২ কোটি ৯৩ লাখ ৬৫ হাজার কোটি টাকার উন্নয়ন বাজেট স্থানীয় পাবলিক হলে সাংবাদিক ও সুধী সমাবেশে ঘোষণা করা হয়। পৌরসভার মেয়র প্রশান্ত কুমার রায় গত সোমবার নেত্রকোনা পৌরসভার ১২৮তম বাজেট ঘোষণা করেন। সমাবেশে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক ড. তরুণ কান্তি সিকদার। অন্যান্যের মধ্যে ছিলেন ডিডিএলজি লুত্ফর রহমান (উপ-সচিব) , স্বাবলম্বী উন্নয়ন সমিতির নির্বাহী পরিচালক বেগম রোকেয়া, জেলা প্রেসক্লাব সম্পাদক এম মুখলেছুর রহমান খান, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি অ্যাডভোকেট আমিরুল ইসলাম, মহিলা পরিষদের সম্পাদক রেহেনা সিদ্দিকী প্রমুখ।
মীর্জাগঞ্জে ফলদ বৃক্ষ মেলার উদ্বোধন
মীর্জাগঞ্জ (পটুয়াখালী) সংবাদদাতা \ গতকাল মঙ্গলবার মীর্জাগঞ্জ উপজেলা কৃষি বিভাগের উদ্যোগে উপজেলা পরিষদ মাঠে ফলদ বৃক্ষ মেলার উদ্বোধন করা হয়। তিন দিনব্যাপী এ মেলা উপলক্ষে আলোচনা সভায় সভাপতিত্ব করেন ইউএনও মোহাম্মদ আবু সাঈদ মোল্লা। প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান খান মোঃ আবু বকর সিদ্দিকী। এতে বক্তব্য রাখেন কৃষি কর্মকর্তা আবদুল মান্নান, কৃষি সমপ্রসারণ অফিসার মোহাম্মদ রিয়াজ উদ্দিন, আওয়ামী লীগ নেতা আঃ আজিজ হাওলাদার ও মোঃ জসিম উদ্দিন জুয়েল প্রমুখ।
নাচোলে ৩ দিনব্যাপী বৃক্ষ মেলার উদ্বোধন
নাচোল (চাঁপাইনবাবগঞ্জ) সংবাদদাতা\ চাঁপাইনবাবগঞ্জের নাচোলে গতকাল মঙ্গলবার ৩ দিনব্যাপী ফলদ বৃক্ষমেলার উদ্বোধন করা হয়েছে। উপজেলা কৃষি সমপ্রসারণ অধিদপ্তরের আয়োজনে প্রধান অতিথি হিসেবে মেলার উদ্বোধন করেন স্থানীয় সাংসদ গোলাম মোস্তফা বিশ্বাস। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সুফিয়া আক্তার রুমি। এ সময় উপস্থিত ছিলেন জেলা কৃষি সমপ্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক সাইফুল ইসলাম, সাবেক উপজেলা চেয়ারম্যান অ্যাডভোকেট সিরাজুল ইসলাম, ভাইস চেয়ারম্যান মজিবুর রহমান ও প্রতিমা রানী, কৃষি কর্মকর্তা জাহিদুল হক চৌধুরীসহ উপজেলা প্রশাসনের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।
গাজায় হামলার প্রতিবাদে ফরিদপুরে মানববন্ধন
ফরিদপুর প্রতিনিধি \ ফিলিস্তিনের গাজায় নারী ও শিশু হত্যা ও নিরস্ত্র গাজাবাসী’র উপর ইসরাইলের নৃশংসতার প্রতিবাদে ফরিদপুরে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে। গতকাল মঙ্গলবার অনুষ্ঠিত মানববন্ধন থেকে গাজায় ইসরাইলি হামলা বন্ধে জাতিসংঘসহ বিশ্ব নেতাদের হস্তক্ষেপ কামনা করা হয়। মানবতার পক্ষে ফরিদপুরের জনতার ব্যানারে সহস্রাধিক জনতা মানববন্ধনে অংশ নিয়ে এ নগ্ন হামলার ঘটনায় তীব্র নিন্দা জ্ঞাপন করে অনতিবিলম্বে হামলা বন্ধের দাবি জানান। মানববন্ধন চলাকালে ফরিদপুর প্রেসক্লাবের সভাপতি মোঃ কবিরুল ইসলাম সিদ্দিকীসহ বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা বক্তব্য রাখেন।
দেবীগঞ্জ রিপোর্টার্স ক্লাবের কমিটি গঠন
দেবীগঞ্জ (পঞ্চগড়) সংবাদদাতা \ দেবীগঞ্জ উপজেলা রিপোর্টার্স ক্লাবের দ্বি-বার্ষিক কার্যকরি কমিটি গঠন গত সোমবার ক্লাবের অফিস কক্ষে অনুষ্ঠিত হয়। ১৩ সদস্য বিশিষ্ট সাংবাদিক সদস্যদের মধ্যে সবার সম্মতিতে নূরে আরিফ (গণজাগরণ) কে সভাপতি ও মোঃ আব্দুল কাইয়ূম (দি মুসলিম টাইমস) কে সাধারণ সম্পাদক নির্বাচিত করে কমিটি গঠিত হয়। এ ছাড়াও কার্যনির্বাহী কমিটিতে ৫ জন উপদেষ্টা রাখা হয়েছে। কমিটির উপদেষ্টাগণ হচ্ছেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আ.স.ম নুরজ্জামানকে প্রধান উপদেষ্টা, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান পরিমল দে সরকার, উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সভাপতি আলহাজ্ব গিয়াস উদ্দীন চৌধুরী, জাকির হোসেন সুইডেন। পরে এক ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
কুষ্টিয়া মিরপুরে বিএনপি’র আলোচনা সভা
মিরপুর (কুষ্টিয়া) সংবাদদাতা\ কুষ্টিয়া মিরপুর উপজেলার তালবাড়ীয়া ইউনিয়নের নওদা শামুখিয়া কদমতলা বাজার প্রাঙ্গণে গত সোমবার বিকালে উপজেলার তালবাড়ীয়া ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠন কর্তৃক আয়োজিত ইফতার পার্টি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কুষ্টিয়া-২ আসনের সাবেক সংসদ সদস্য ও জেলা বিএনপি’র সাবেক সভাপতি অধ্যাপক শহীদুল ইসলাম। তালবাড়ীয়া ইউনিয়ন বিএনপি’র সাধারণ সম্পাদক মকফর হোসেন কবিরাজের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক আলহাজ্ব আব্দুল হক, ভেড়ামারা উপজেলা বিএনপি’র যুগ্ম আহবায়ক বশির উদ্দিন বাচ্চু, মিরপুর উপজেলা বিএনপি’র প্রচার সম্পাদক আব্দুর রশিদ, উপজেলা কৃষক দলের সভাপতি আনছার আলী, পৌর বিএনপি’র সাধারণ সম্পাদক ইব্রাহিম আলী প্রমুখ।
নাটোরে দুই মাদকসেবীর কারাদণ্ড
নাটোর প্রতিনিধি\ ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও বাগাতিপাড়া উপজেলা নির্বাহী অফিসার বেনজন চাম্বু গং গতকাল মঙ্গলবার দুপুরে দুই মাদকসেবীকে ছয় মাস করে কারাদণ্ডাদেশ দিয়েছেন। দণ্ডপ্রাপ্ত এলেন আলী (৩২) বাগাতিপাড়া উপজেলার বড়চিথুলিয়া গ্রামের রিয়াছত আলীর পুত্র ও কায়েম মোল্লা (৩৯) মাড়িয়া গ্রামের মজিদ মোল্লার পুত্র। মামলার বিবরণে জানা যায়, উল্লেখিত দুইব্যক্তি লোকমানপুর সেতুর ওপর বসে প্রকাশ্যে মদ্যপান করছিল। ঐ অবস্থায় পুলিশ তাদের ধরে আদালতের সামনে হাজির করে।
বেনাপোলে নারী ও শিশু পাচার শীর্ষক মতবিনিময় সভা
বেনাপোল (যশোর) সংবাদদাতা\ নারী ও শিশু পাচার শীর্ষক এক মতবিনিময় সভা বেসরকারী সংস্থা ওয়ার্ল্ড ভিশন-এর উদ্যোগে গতকাল মঙ্গলবার সকালে বেনাপোল পর্যটন মোটেলে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক(শিক্ষা) সাবিনা ইয়াসমীন। বিশেষ অতিথি ছিলেন সিনিয়র সহকারী পুলিশ সুপার রেশমা ইয়াসমীন, জেলা সমাজ সেবা কর্মকর্তা শাহজাহান মিয়াসহ বিভিন্ন এনজিও সংস্থার প্রতিনিধিগণ, বেনাপোল পোর্ট থানা, ইমিগ্রেশন পুলিশ,সাংবাদিক,কলেজ- স্কুলের শিক্ষকসহ বিভিন্ন পেশাজীবী সংগঠন।
হোসেনপুরে ৭ জুয়াড়ি গ্রেফতার
হোসেনপুর (কিশোরগঞ্জ) সংবাদদাতা\ হোসেনপুর থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে এএসআই অজিত কুমার সরকারের নেতৃত্বে গত সোমবার রাতে উপজেলার পুমদী ও গোবিন্দপুর এলাকা থেকে ৭ জন জুয়াড়িকে গ্রেফতার করেছে। তারা হলো-আ:রশিদ,জুয়েল মিয়া, চন্নু মিয়া,মোজাম্মেল,শফিকুল,জসিম ও সিরাজ উদ্দিন। পুলিশ তাদেরকে কিশোরগঞ্জ কোর্টে প্রেরণ করেছে।
নবাবগঞ্জে দুস্থদের মাঝে ভিজিএফের চাল বিতরণ
দোহার-নবাবগঞ্জ (ঢাকা) সংবাদদাতা\ ঢাকার নবাবগঞ্জ উপজেলায় দুস্থদের মাঝে ভিজিএফের চাল বিতরণ করা হয়েছে। গতকাল মঙ্গলবার এ কার্যক্রমের উদ্বোধন করেন ঢাকা-১ আসনের সাংসদ অ্যাডভোকেট সালমা ইসলাম এমপি। মঙ্গলবার উপজেলার ৮টি ইউনিয়নের ৮৭৪৬ জনকে ১০ কেজি করে চাল বিতরণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন উপজেলার নির্বাহী কর্মকর্তা এস এম খুরশিদ-উল-আলম, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আব্দুর রহমান, উপজেলা জাতীয় পার্টির যুগ্ম আহ্বায়ক হুমায়ুন কবির, জুয়েল আহম্মেদ, যুব সংহতির সভাপতি আবুল হোসেন আজাদ, সাধারণ সম্পাদক জাকির হোসেন প্রমুখ।
গৌরনদীতে রোগী কল্যাণ সমিতি গঠন
গৌরনদী (বরিশাল) সংবাদদাতা\ দুস্থ রোগীদের সেবার লক্ষ্যে বরিশালের গৌরনদী উপজেলায় গতকাল মঙ্গলবার রোগী কল্যাণ সমিতি গঠন করা হয়েছে। সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের অর্থায়নে উপজেলা সমাজ সেবা কার্যালয়ের পরিচালনায় উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোসলেম উদ্দিনের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সর্বসম্মতিক্রমে উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোসলেম উদ্দিনকে সভাপতি, উপজেলা সমাজ সেবা অফিসার শেখ জহির উদ্দিন আহম্মদকে সম্পাদক নির্বাচিত করা হয়। এছাড়া কমিটিতে উপজেলা ভাইস চেয়ারম্যান ফরহাদ মুন্সী, মেডিক্যাল অফিসার ডা. সেকান্দার আলী মোল্লা¬ সহসভাপতি, মাহিলাড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সৈকত গুহ পিকলু ও ৭নং ওয়ার্ড পৌর কমিশনার মো. ফিরোজ আলমকে সহসম্পাদক করে ১৫ সদস্য বিশিষ্ট তিন বছর মেয়াদী কার্যকরী কমিটি গঠন করা হয়।
ত্রিশালে ক্বেরাত প্রতিযোগিতার পুরস্কার বিতরণ
ত্রিশাল (ময়মনসিংহ) সংবাদদাতা\ ময়মনসিংহের ত্রিশাল উপজেলার ইসলামী একাডেমির বার্ষিক হাম নাত ক্বেরাত প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠান গতকাল মঙ্গলবার একাডেমি মিলনায়তনে অনুষ্ঠিত হয়। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন স্থানীয় সংসদ সদস্য আলহাজ্ব এমএ হান্নান। স্বাগত বক্তব্য রাখেন ইসলামী একাডেমির প্রধান শিক্ষক মোফাজ্জল হোসেন। ইসলামী একাডেমির পরিচালনা কমিটির সদস্য মাওলানা নূরুল ইসলামের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা জাতীয় পার্টির সভাপতি ইঞ্জিনিয়ার সুরুজ আলী মণ্ডল,সাবেক সভাপতি আব্দুর রউফ, পৌর জাতীয় পার্টির আহবায়ক ফজলুল হক,জাতীয় ছাত্র সমাজ কেন্দ্রীয় কমিটির সহসভাপতি দেলোয়ার হোসেন কামাল, বাংলাদেশ সাংবাদিক সমিতি ত্রিশাল ইউনিট সভাপতি খোরশিদুল আলম মজিব প্রমুখ।
গাজীপুরে ফল ও বৃক্ষ মেলার উদ্বোধন
গাজীপুর প্রতিনিধি\ গাজীপুরে মঙ্গলবার দুপুরে সপ্তাহব্যাপী ফল ও বৃক্ষ মেলার উদ্বোধন করা হয়েছে। ঢাকা বন বিভাগ ও গাজীপুরের কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এ মেলার আয়োজন করে। এ মেলার উদ্বোধন করেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আকম মোজাম্মেল হক এমপি। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন প্রধান বন সংরক্ষক মোঃ ইউনুছ আলী, গাজীপুরের পুলিশ সুপার মোঃ আব্দুল বাতেন পিপিএম। গাজীপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ মহসিনের সভাপতিত্বে বক্তব্য রাখেন বিভাগীয় বন কর্মকর্তা মোঃ বখতিয়ার নূর সিদ্দিকী, আওয়ামী লীগ নেতা রফিজউদ্দিন প্রমুখ। পরে অতিথিবৃন্দ মেলার বিভিন্ন স্টল ঘুরে দেখেন।
মহেশপুরে বকেয়া বেতন ভাতার দাবিতে মানববন্ধন
মহেশপুর (ঝিনাইদহ) সংবাদদাতা\ ঝিনাইদহের মহেশপুর পৌরসভার কর্মকর্তা-কর্মচারীরা মঙ্গলবার বকেয়ার বেতন ভাতার দাবিতে কর্মবিরতি ও মানববন্ধন করে। জানা গেছে, মহেশপুর পৌরসভার সকল কর্মকর্তা-কর্মচারী ৯মাসের বেতন ভাতা পাবে। তারা ঈদকে সামনে রেখে মেয়রের কাছে ২মাসের বকেয়া বেতনের দাবি করে কিন্তু কোন ধরনের সাড়া না পাওয়ায় গতকাল মঙ্গলবার থেকে অনির্দিষ্টকালের কর্মবিরতি পালন এবং পৌরসভার মেইন ফটকে তালা লাগিয়ে মানববন্ধন করে। পৌর কর্মচারী ইউনিয়নের সভাপতি বিল্লাল হোসেন ও সম্পাদক মহিবুল ইসলাম খাঁন পিন্টু জানান, তাদের দাবি না হওয়া পর্যন্ত তার কাজে যোগদান করবেন না। এবিষয়ে পৌর মেয়র অ্যাড. আমিরুল ইসলাম খাঁন চুন্ু্নর সাথে যোগাযোগ করলে তিনি বলেন তাদের দাবি পূরণের চেষ্টা করবেন। তবে রাজস্ব খাত থেকে তাদের বেতন ভাতা হয় এই মুহূর্তে ফান্ডে তেমন কোন টাকা নেই তবে ঈদের আগে তাদের কিছু টাকা দেয়া হবে।
নবাবগঞ্জে সংরক্ষিত মহিলা সাংসদের মতবিনিময়
দোহার-নবাবগঞ্জ(ঢাকা) সংবাদদাতা\ ঢাকার নবাবগঞ্জ উপজেলায় জাতীয় সংসদের সংরক্ষিত মহিলা আসনের সাংসদ পিনু খান মতবিনিময় করেছেন। গতকাল মঙ্গলবার দুপুরে তিনি উপজেলা অফিসকক্ষে মত বিনিময় সভা করেন। তিনি এমপি নির্বাচিত হওয়ার পর এই প্রথম নিজ এলাকায় এসে মতবিনিময় সভা করলেন। এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা এস,এম,খুরশেদ-উল-আলম, ঢাকা জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক নাসির উদ্দিন আহম্মেদ ঝিলু, উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক মো: ইব্রাহীম খলিল, উপজেলা সহকারী কমিশনার (ভূমি ) মোহাম্মদ শহীদ উল্লাহ ও উপজেলা বিভিন্ন দপ্তরের কর্মকর্তা বৃন্দ।
