ফটিকছড়িতে ব্যক্তি উদ্যোগে সেতু

আপডেট : ১৫ জুলাই ২০১৪, ২১:২৮
উপজেলার দৌলতপুর ইউপি’র গুরুত্বপূর্ণ বুড্ডা বিবি সড়কে অবশেষে ব্যক্তি উদ্যোগে নির্মিত হলো ৪৫ ফুট দীর্ঘ সেতু। নির্মাণ শেষে জনসাধারণের চলাচলের জন্য উন্মুক্ত করে দিয়েছেন এলাকার একটি প্রবাসী পরিবার। উল্লেখ্য, সেখানে ২২ লাখ টাকা ব্যয়ে ৪২ ফুট দীর্ঘ একটি ব্রিজ নির্মাণের জন্য ফটিকছড়ি উপজেলা এলজিইডির পক্ষ থেকে টেন্ডার দেয়া হয়েছিল। কিন্তু কার্যাদেশ প্রাপ্ত ঠিকাদার নানা অজুহাতে গত ৫ মাসেও উক্ত ব্রিজ নির্মাণ কাজ সম্পন্ন করেনি। ঠিকাদার ব্রিজের নিচের কিছু কাজ করে কাজ বন্ধ রাখে। ফলে উক্ত সড়ক দিয়ে চলাচলকারী দৌলতপুর, ইমামনগর, বাবুনগর, পাঠাননগর, শাহনগর প্রভৃতি গ্রামের হাজার হাজার জনগণ এবং স্কুল-কলেজ পড়ুয়া ছাত্র-ছাত্রীরা চলাচলে গত ৫ মাস ধরে চরম দুর্ভোগের শিকার হচ্ছিল। অবশেষে, উক্ত ইউপি’র নজব আলী সাব-রেজিস্টার বাড়ির সৌদি প্রবাসী ব্যবসায়ী মুহাম্মদ সাহাব উদ্দিন ও তার ভাই মুহাম্মদ আমান উল্লাহ্ মিলে উক্ত স্থানে জনচলাচল এবং রিকশা, বেবিট্যাক্সি অন্যান্য হালকা যানবাহন চলাচল উপযোগী একটি কাঠের সেতু নির্মাণ করে দেন। ব্রিজ নির্মাণ কাজ দীর্ঘদিন বন্ধ থাকা প্রসঙ্গে উপজেলা এলজিইডি প্রকৌশলী শচীদুলাল বিশ্বাসের বক্তব্য জানতে চাইলে তিনি ব্রিজটি নির্মাণে সংশ্লিষ্ট ঠিকাদারকে তাগিদ দেয়া হয়েছে এবং সহসাই এটির কাজ শুরু হবে বলে জানান।