ঘুষ গ্রহণকালে হাতে-নাতে আটক আয়কর কর্মকর্তা জাহিদ ইকবাল খানকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছে আদালত। সোমবার তাকে মহানগর মুখ্য হাকিম মশিউর রহমানের আদালতে হাজির করা হলে এ আদেশ দেন তিনি। গত রবিবার জাহিদ ইকবালকে দুর্নীতি দমন কমিশন (দুদক) কর্মকর্তারা আটক করে ডবলমুরিং থানায় সোপর্দ করেন।
আদালত সূত্র জানায়, টিঅ্যান্ডটি বোর্ডের উপ-সহকারী প্রকৌশলী কাসেম ভুঁইয়ার কাছ থেকে বাড়ির আয়কর কমিয়ে দিতে ২০ হাজার টাকা ঘুষ দাবি করে আসছিলেন চট্টগ্রাম কর অঞ্চল-৪ এর কর্মকর্তা জাহিদ ইকবাল খান। কাসেম ভুঁইয়া ঘুষ দিতে অস্বীকৃতি জানালে এই কর্মকর্তা তার ডিমান্ড নোট আটকে রাখে। পরে তিনি দুদককে বিষয়টি জানালে দুদক কর্মকর্তারা তার সাথে ২০ হাজার টাকা নিয়ে জাহিদ ইকবালের কাছে যান। এ সময় আয়কর কর্মকর্তাকে হাতে-নাতে আটক করে দুদক কর্মকর্তারা।
