সিলেটে ছাত্রলীগ কর্মী খুন

আপডেট : ১৫ জুলাই ২০১৪, ২১:৩০
নগরীর আখালিয়া এলাকায় সোমবার রাতে ছুরিকাঘাতে ছাত্রলীগ কর্মী মো. আব্দুল্ল¬াহ ওরফে কচি (২৫) খুন হয়েছেন। মদিনা মার্কেট সংলগ্ন ধোপাবাড়ি ব্রিজের পাশে তাকে ছুরিকাঘাত করে প্রতিপক্ষ গ্রুপের লোকজন। সিলেট নগরীর মদিনা মার্কেট-কালিবাড়ি রোডের মদিনা মার্কেট অংশে কয়েকদিন আগে স্থাপিত টমটমের একটি নতুন স্ট্যান্ডের দখল নিয়ে স্থানীয় ছাত্রলীগ নেতা ইমরান আহমদ ও গোলজার আহমদ গ্রুপের নেতাকর্মীদের মধ্যে উত্তেজনা চলছিল। দু‘দিন আগে এ নিয়ে উভয় গ্রুপের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষও হয়। সোমবার ইফতারের সময় এ নিয়ে উভয় গ্রুপের নেতাকর্মীদের মধ্যে কথা কাটাকাটি হয়। পরে ৯ টার দিকে টমটম স্ট্যান্ডের পার্শ্ববর্তী ধোপাবাড়ি ব্রিজের পাশে ইমরান গ্রুপের কর্মী মো. আব্দুল্ল¬াহ ওরফে কচি ও তার সহকর্মী সানির (২২) উপর প্রতিপক্ষ গ্রুপের নেতাকর্মীরা হামলা চালিয়ে ছুরিকাঘাত করে। গুরুতর আহত আব্দুল্ল¬াহকে আশংকাজনক অবস্থায় সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হলে কর্তব্যরত চিকিত্সক তাকে মৃত ঘোষণা করেন। আহত সানিকে একই হাসপাতালে ভর্তি করা হয়। জালালাবাদ থানা পুলিশ জানায়, খুনিদের গ্রেফতারে তাদের চেষ্টা চলছে।