নীলফামারীর সৈয়দপুরে ঈদকে সামনে রেখে সক্রিয় হয়ে উঠেছে চোরাচালানিদের সিন্ডিকেট। পণ্য পরিবহনে ব্যবহার করা হচ্ছে বাস, ট্রেন ও মাইক্রোবাস। আর এ কাজে নারী, শিশু ও হিজড়াদের ব্যবহার করা হচ্ছে।
চোরাচালানি সিন্ডিকেটের আটককৃত ব্যক্তিদের দেয়া তথ্য অনুসারে চোরাচালানি তত্পরতার সাথে জড়িতরা বর্তমানে খুবই প্রভাবশালী বলে জানা গেছে। রাজনীতি ও প্রশাসনের উঁচু স্তরের সাখে এসব চোরাচালানি গডফাদারের সম্পর্ক রয়েছে।
এবার ঈদ মার্কেটে রোজার শুরুর আগেই হিলি, আমবাড়ী, বুড়িমারী সীমান্ত দিয়ে লালমনিরহাট, পার্বতীপুর, দিনাজপুর শহর অতিক্রম করে যেভাবে ভারতীয় পণ্য সৈয়দপুরে ঢুকছে তাতে করে এবার দেশীয় পণ্যের বিক্রেতারা চিন্তিত হয়ে পড়েছেন তাদের কাছে থাকা দেশীয় পণ্য বিক্রি হবে কি না তা নিয়ে। অন্যদিকে সৈয়দপুরের বিভিন্ন মার্কেটের ব্যবসায়ীরা জানান, চোরাই ভারতীয় পণ্য বিক্রির পরে টাকা দিতে হয় আর দেশীয় পণ্যের ক্ষেত্রে মহাজনকে আগেই টাকা দিয়ে মাল ঘরে তুলতে হয়।
