মতলবের নারী শ্রমিকরা পাটের আঁশ ছাড়ানোর কাজে ব্যস্ত

আপডেট : ১৫ জুলাই ২০১৪, ২১:৩২
চাঁদপুর মতলব উত্তর উপজেলার কৃষকরা এখন পাটের আঁশ ছাড়ানো ও শুকানোর কাজে ব্যস্ত সময় কাটাচ্ছে। পানিতে নিমজ্জিত রাখা পাটের জাঁক থেকে পাট ডাঙ্গায় তুলে আঁশ ছাড়ানো হচ্ছে। কৃষকরা পাটগাছগুলো পানি থেকে ডাঙ্গায় তুলে দিচ্ছে আর পাটগাছ থেকে আঁশ ছাড়ানোর পর তা পানিতে ধুয়ে রোদে শুকাতে দিচ্ছেন। এর মধ্যে পাটগাছ থেকে আঁশ ছাড়ানোর কাজটি করছেন কৃষাণীরা। চারদিকে নদীঘেরা ও চরাঞ্চলসমৃদ্ধ মতলব উত্তর উপজেলার চরাঞ্চল ও নদীর তীরাঞ্চলের কৃষকদেরকে এ কাজে এখন খুবই ব্যস্ত সময় কাটাতে দেখা যাচ্ছে। উপজেলার চরকাশিক, বোরচর, চরউমেদ, বাহেরচর, মহিষমারী, জয়পুর, এখলাছপুর, ছটাকী, ষাটনল অঞ্চলে এবার পাটের আবাদ তুলনামূলকভাবে বেশি হয়েছে। তবে এখানকার ধনাগোদা সেচ প্রকল্প নির্মাণের পূর্বে এ উপজেলায় প্রচুর পরিমাণে পাটের আবাদ হতো। কিন্তু চাহিদা ও সময়ের প্রয়োজনে এখন পাটের চেয়ে ধানের আবাদ বেশি হচ্ছে। উপজেলা কৃষি অফিসার আ. কাইয়ূম মজুমদার বলেন, পাটের ফলন ভালো হয়েছে। এখন কৃষকরা পাটের ন্যায্য মূল্য পেলে তারা আগামিতে পাটচাষে আগ্রহী থাকবে।