সাতক্ষীরা সদর উপজেলার জগন্নাথপুর প্রাইমারী স্কুলের সামনে থেকে মঙ্গলবার ভোরে ডাকাতির প্রস্তুতিকালে আন্তঃজেলা ডাকাত দলের চার সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় দুই ডাকাত গুলিবিদ্ধ হয়। পুলিশ ঘটনাস্থল থেকে ডাকাতির কাজে ব্যবহূত গ্রীলকাটা মেশিনসহ অন্যান্য জিনিসপত্র উদ্ধার করে। গ্রেফতারকৃত ডাকাতরা হলো, কালিগঞ্জ উপজেলার দেবাড়িয়া গ্রামের শাহাজ উদ্দীন গাজীর ছেলে গুলিবিদ্ধ জাহাঙ্গীর গাজী, একই উপজেলার পাইকাড়া গ্রামের সোনা গাজীর ছেলে গুলিবিদ্ধ শওকত গাজী, একই উপজেলার বেনাদনা গ্রামের গহর আলী ঢালীর ছেলে গফফার ঢালী ও দেবহাটা উপজেলার কুলিয়া গ্রামের নূর ইসলামের ছেলে হাসান আলী।
সাতক্ষীরা সদর থানার ওসি ইনামুল হক এ ঘটনার সত্যতা স্বীকার করে জানান, গ্রেফতারকৃত চার ডাকাতের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন বলেও জানান তিনি।
