ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে লাশবাহী অ্যাম্বুলেন্সে ডাকাতি হয়েছে। ঘটনা ঘটেছে গত সোমবার রাতে উপজেলার কুণ্ডা-ভলাকুট সড়কের ভিটুই-কাহেতুরা এলাকার মধ্যবর্তী স্থানে। ডাকাতরা অ্যাম্বুলেন্সের যাত্রীদের কাছ থেকে নগদ টাকা, মোবাইল ফোনসহ অর্ধলক্ষাধিক টাকার মালামাল লুটে নেয়।
উপজেলার ভলাকুট গ্রামের মো. আতাব মিয়ার ছেলে বদিউল আলম সাকিব (১৫) সোমবার ঢাকায় বঙ্গবন্ধু মেডিক্যাল বিশ্ববিদ্যালয় হাসপাতালে মারা যায়।
পরিবারের লোকজন ঢাকা থেকে সাকিবের লাশ নিয়ে একটি অ্যাম্বুলেন্সযোগে বাড়ি আসার পথে রাত নয়টার দিকে উপজেলার কুণ্ডা-ভলাকুট সড়কে ভিটুই-কাহেতুরার মধ্যবর্তী এলাকায় পৌঁছলে ৭/৮ জনের সশস্ত্র ডাকাত দল লাশবাহী অ্যাম্বুলেন্সটি আটক করে। পরে ডাকাতরা অস্ত্রের মুখে অ্যাম্বুলেন্সের চালক ও মৃত সাকিবের আত্মীয়-স্বজনের কাছ থেকে নগদ ২০ হাজার টাকা, ৮টি মোবাইল ফোন সেট ও জরুরি কাগজপত্র ছিনিয়ে নেয়।
সাকিবের বড় ভাই দৈনিক সকালের খবরের সাব-এডিটর সোহরাব আলম বলেন, ঢাকা থেকে তার ছোট ভাই বদিউল আলম সাকিবের লাশ নিয়ে অ্যাম্বুলেন্সযোগে বাড়ি আসার পথে কুণ্ডা-ভলাকুট সড়কে ভিটুই-কাহেতুরার মধ্যবর্তী স্থানে তারা ডাকাতের কবলে পড়েন। এ ব্যাপারে নাসিরনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, ডাকাতির ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
