যুবদল নেতা হত্যা মামলার প্রধান আসামি টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার ১০ নং গোড়াই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক তারিকুল ইসলাম নয়াকে (৫৬) বরখাস্ত করা হয়েছে। সোমবার স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপ-সচিব আবু তাহের মুহাম্মদ জাবের স্বাক্ষরিত এক পত্রের মাধ্যমে তাকে বরখাস্তের বিষয়টি মির্জাপুর উপজেলা প্রশাসনকে জানানো হয়েছে। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও ভারপ্রাপ্ত নির্বাহী অফিসার নাসরিন সুলতানা গতকাল মঙ্গলবার বিষয়টি নিশ্চিত করেছেন। ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেয়া হয়েছে ইউপি সদস্য ও প্যানেল চেয়ারম্যান আদিলুর রহমান আদিলকে বলেও তিনি জানান।
২০১৩ সালে বিএনপির ডাকা হরতাল চলাকালে মির্জাপুর উপজেলার গোড়াই শিল্পাঞ্চলের গোহাগপাড়া এলাকায় বিএনপির দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। এতে উপজেলা যুবদলের যুগ্ম-সম্পাদক আব্দুল আলীম সিকদার নিহত হন। তার বাড়ি গোড়াই লালবাড়ি গ্রামে।
এই হত্যা মামলায় গোড়াই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক তারিকুল ইসলাম নয়াকে প্রধান আসামি করে ২১ জনের নামে মামলা হয়। মামলায় মির্জাপুর থানা পুলিশ ও মামলার তদন্তকারী অফিসার চেয়ারম্যান নয়াসহ উল্লেখিত আসামিদের বিরুদ্ধে চার্জশিট দেয়।
