কক্সবাজার সদর থানা ও রামু হাইওয়ে পুলিশের ধারাবাহিক চাঁদাবাজি ও শ্রমিক নির্যাতনের অভিযোগে জেলা সিএনজি মালিক সমিতির ডাকে উখিয়া সিএনজি মালিক-শ্রমিক সংগঠনের নেতাকর্মীরা গতকাল মঙ্গলবার ভোর ৬টা থেকে বেলা ১১টা পর্যন্ত ৫ ঘণ্টা সড়ক অবরোধ করেছে। উখিয়া সিএনজি মালিক-শ্রমিক সংগঠনের সভাপতি মোমিন চৌধুরী জানান, কক্সবাজার থানা পুলিশ ও রামু হাইওয়ে পুলিশ সিএনজি চালকদের থেকে ৫ হাজার টাকা আদায় করে একটি টোকেন ধরিয়ে দিয়ে আসছিলেন দীর্ঘ দিন থেকে। তাদের দাবিকৃত টাকা না দিলে সিএনজি আটক করে চালককে মারধর করা হয়ে থাকে। পুলিশের নির্যাতনের ধারাবাহিকতায় অতিষ্ঠ শ্রমিক সংগঠন সড়ক অবরোধের ডাক দিয়েছে। উখিয়া থানার অফিসার ইনচার্জ অংসা থোয়াই কক্সবাজার পুলিশ সুপারের উদ্ধৃতি দিয়ে জানান, এ বিষয়টি নিয়ে সিএনজি মালিক-শ্রমিক সংগঠনের নেতাকর্মীদের সাথে জেলা পর্যায়ে পুলিশ সুপারের মধ্যে বৈঠক করে সমাধানের আশ্বস্ত করায় বেলা ১১টার দিকে শ্রমিক সংগঠনের নেতাকর্মীরা অবরোধ প্রত্যাহার করে নেয়।
