শ্রমিক বিক্ষোভে দুপচাঁচিয়ায় ঊষা বিস্কুট ফ্যাক্টরি বন্ধ

আপডেট : ১৫ জুলাই ২০১৪, ২১:৪১
শ্রমিকদের আন্দোলনের মুখে বন্ধ রয়েছে বগুড়ার দুপচাঁচিয়ায় অবস্থিত উষা ব্রেড এন্ড বিস্কুট কারখানার পণ্য উত্পাদন ও সরবরাহ কার্যক্রম । বেতন বৃদ্ধিসহ শ্রমিক ছাঁটাই ও নির্যাতন বন্ধের দাবিতে মঙ্গলবার সকাল থেকে কারখানার শ্রমিকদের সাথে নিয়ে উপজেলা বেকারী এন্ড কনফেকশনারী কর্মচারী ইউনিয়ন প্রতিষ্ঠানের প্রধান ফটকের সামনে বিক্ষোভ কর্মসূচির আয়োজন করে । বিক্ষোভরত শ্রমিকরা জানান, উষা ব্রেড এন্ড বিস্কুট ফ্যাক্টরি ও চিপস্ ফ্যাক্টরির শ্রমিকরা প্রতিদিন ১২ থেকে ১৫ ঘণ্টা কাজ করেন। এতে মহিলাদের প্রতিদিন ১শ’ টাকা এবং পুরুষদের ১শ’ ৫০টাকা হারে বেতন দেয়া হয়। কারখানাটিতে প্রায় ৮শ’ নারী ও পুরুষ শ্রমিক কাজ করেন। গত কয়েকদিন যাবত্ শ্রমিকরা তাদের বেতন ভাতা ও বোনাস দেয়ার জন্য মালিকপক্ষকে প্রস্তাব দেন। কিন্তু মালিকপক্ষ শ্রমিকদের প্রস্তাব প্রত্যাখ্যান করে । উপজেলা বেকারী কনফেকশকারী কর্মচারী ইউনিয়নের সভাপতি নুরুল ইসলাম বলেন, ‘ঊষা বিস্কুট কারখানায় শ্রমিকদের স্বার্থ সংশ্লিষ্ট কোন আইন মানে না মালিকপক্ষ । পরিশ্রমের তুলনায় পারিশ্রমিক খুবই কম। ’ উষা ব্রেড এন্ড বিস্কুট ফ্যাক্টরির মালিক দ্বিজেন্দ্রনাথ বসাক মন্টু শ্রমিক ছাঁটাই ও নির্যাতনের বিষয়টি অস্বীকার করে বলেন,‘অতিরিক্ত কাজের জন্য আলাদা পারিশ্রমিক দেয়া হয়। প্রতি বছর শ্রমিকদের বেতনভাতা বৃদ্ধিসহ নানা সুযোগ সুবিধাও দেয়া হচ্ছে। শ্রমিক নেতারা তাদের স্বার্থে ইন্ধন যুগিয়ে সাধারণ শ্রমিকদের এই আন্দোলনে নামিয়েছে। ’দুপচাঁচিয়া থানার উপপরিদর্শক(এসআই) শামীম আকতার বলেন, সকালে বিক্ষোভের খবর পেয়েই পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার জন্য কারখানার সামনে পুলিশ মোতায়েন করা হয়েছে।