বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বাংলাদেশের জনগণ সবসময় গণতন্ত্রের পক্ষে। গণতন্ত্রের জন্য প্রাণ দিয়েছে। কখনো স্বৈরাচার, একনায়কতন্ত্রকে মেনে নেয়নি। মেনে নেয়নি বলেই বার বার আন্দোলন হয়েছে, সংগ্রাম হয়েছে। সেই আন্দোলন থেকেই স্বৈরাচারের পতন হয়েছে। গণতন্ত্রের বিজয় হয়েছে।
মঙ্গলবার দুপুরে জেলা পরিষদ মিলনায়তনে সদর উপজেলা জাতীয়তাবাদী ছাত্রদলের দ্বি-বার্ষিক সম্মেলন তিনি এ কথা বলেন। তিনি বলেন, অত্যন্ত দুর্ভাগ্যের কথা আওয়ামী লীগের হাতে আবার দ্বিতীয় বারের মতো গণতন্ত্র নিহত হয়েছে। তাই বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের ডাকে আগামী দিনে আন্দোলন তীব্র থেকে তীব্রতর করে বিজয় অর্জন করতে হবে।
সরকার পরিবর্তন হলে ক্ষমতাসীনদের বিচার হবে, মন্তব্য করে এ বিএনপি নেতা বলেন, জোর করে শাসন করা যায়, তবে তা দীর্ঘস্থায়ী হয় না। এখন আওয়ামী লীগ জোর করে ক্ষমতায় বসে আছে। একদিন তাদেরও বিচার হবে। কেউ রক্ষা পাবে না। এসময় জেলা ছাত্রদলের সভাপতি রাশেদ আলম লাবু’র সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক তৈমুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক ওবায়দুল্লাহ মাসুদ, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম সোহাগ প্রমুখ।
