বিএনপি চেয়ারপাসন বেগম খালেদা জিয়া জাতীয় পার্টি (জাপা) চেয়ারম্যান এইচএম এরশাদকে ইঙ্গিত করে বলেছেন, ওই ‘বিশ্ববেহায়া’ ও ‘খুনি’ও আজ তাদের (বর্তমান সরকার) সঙ্গে। শিল্পী কামরুল হাসান তাকে বিশ্ববেহায়া আখ্যা দিয়েছিলেন। বিশ্ববেহায়া ও দুর্নীতিবাজরা সবাই আজ এক হয়েছে। সবাইকে ঐক্যবব্ধ হয়ে তাদের হাত থেকে দেশকে রক্ষা করতে হবে। এই আহ্বান জানিয়ে তিনি বলেন, আসুন দেশ বাঁচাই, মানুষ বাঁচাই।
গতকাল মঙ্গলবার রাজধানীর পান্থপথে সামারাই কনভেনশন সেন্টারে বিকল্পধারা বাংলাদেশ আয়োজিত ইফতার ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এই আহ্বান জানান। রাজনীতিক ও বিশিষ্ট নাগরিকদের সম্মানে এই ইফতারের আয়োজন করা হয়।
ইফতারপূর্ব সংক্ষিপ্ত বক্তব্যে খালেদা জিয়া বলেন, দেশের অবস্থা কী, তা সবাই জানেন। দেশ আজ কঠিন সংকটের মধ্য দিয়ে যাচ্ছে। দেশে চলছে শুধু লুটপাট, সন্ত্রাস, চাঁদাবাজি, গুম, খুন ও অপহরণ। এই আওয়ামী লীগের সময় দেশে কত মানুষ যে খুন হয়েছে, সেটির কোনো হিসাব নেই। তারা শুধু মিথ্যা কথা বলে, বড়-বড় কথা বলে।
বিএনপি চেয়ারপারসন আরও বলেন, আমরা চাই শান্তি, উন্নয়ন ও জনগণের কল্যাণ। কিন্তু দেশে আজ এগুলো অনুপস্থিত। এগুলো ফিরিয়ে আনতে হবে। সেজন্য ডান-বাম, ছোট-বড়, মুসলমান-খ্রীস্টান-হিন্দু-বৌদ্ধ, কে কী- সেদিকে না তাকিয়ে এখন দেশ রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার সময় এসেছে।
অনুষ্ঠানে সভাপতিত্বকারী বিকল্পধারা প্রেসিডেন্ট অধ্যাপক একিউএম বদরুদ্দোজা চৌধুরী বলেন, এই রমজানে আমরা সবাই ভুল ও অপরাধের জন্য আল্লাহর কাছে ক্ষমা চাই। কিন্তু ভুলের জন্য দেশের মানুষের কাছে ক্ষমা চাইতে আমাদের অসুবিধা হয়। যারা অত্যাচারী ও জালিম শাসক, আল্লাহ তাদের অপছন্দ করেন। বর্তমান সরকার দুর্নীতি, তারা মানুষের কাছে ক্ষমা চাইবে না। তিনি বলেন, ভবিষ্যতে আমরা যখন রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নেবো, তখন আমরা সুশাসন প্রতিষ্ঠা করব। আমরা দুর্নীতি হব না, অসত্য কথা বলব না, অহংকার করব না। কারণ আল্লাহ অহংকারীদের পছন্দ করেন না। নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না বলেন, এই রমজানে আমরা সংযম করি। কিন্তু সব অন্যায় সহ্য করা সংযম নয়। কোনো একটা সময়ে আমাদের দাঁড়াতেই হবে।
বিকল্পধারার এই ইফতারে বিশিষ্টজনদের মধ্যে আরও উপস্থিত ছিলেন- জ্যেষ্ঠ আইনজীবী ব্যারিস্টার রফিক-উল হক, সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী আবুল হাসান চৌধুরী, জ্যেষ্ঠ সাংবাদিক মাহফুজউল্যাহ প্রমুখ। বিএনপি নেতাদের মধ্যে ছিলেন- ড. আরএ গণি, এম কে আনোয়ার, ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন, সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল প্রমুখ। এছাড়া কৃষিক শ্রমিক জনতা লীগের সাধারণ সম্পাদক হাবিবুর রহমান এবং গণফোরাম ও জাসদসহ কয়েকটি দলের কেন্দ্রীয় নেতারা এতে অংশ নেন। বিকল্পধারা মহাসচিব মেজর (অব.) আবদুল মান্নান, প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক নূরুল আমিন বেপারী ও ডা. আবু মোজাফফর আহমেদ, যুগ্ম-মহাসচিব মাহী বি. চৌধুরী এবং দলটির কেন্দ্রীয় নেতা আব্দুর রউফ মান্নান, মাহববু আলী, ওসমান গণি প্রমুখ এতে উপস্থিত ছিলেন।
