‘হ্যাঁ, আমরা দালালি করি’

আপডেট : ২৯ মে ২০১৯, ২২:৩৪

দালালি শব্দটি নিয়ে কারো কারো আপত্তি। কেউ কেউ এই শব্দের নেতিবাচক দিকটাই খোঁজেন। বিশেষত, পেশাজীবীরা যখন রাষ্ট্র বা সরকারের দালালি করেন-তখন অনেকেই বাঁকা চোখে দেখেন, কেউ কেউ তীর্যক মন্তব্য করেন। এ নিয়ে মহল বিশেষে চলে নানা আলোচনা-সমালোচনা। কিন্তু কেউ কি ভেবে দেখেছেন দালালি করা হয়নি কখন? দালালি—সে যদি ভালো উদ্দেশে হয়, বৃহত্তর স্বার্থরক্ষায় হয়, তবে তাকে কি বলবেন? ইতিহাসে দেখা যায়, ঊনসত্তরের গণঅভ্যুত্থানের পক্ষে দালালি হয়েছে। স্বাধীনতার পক্ষে দালালি হয়েছে। যে চেতনার প্রদীপ্ততায় বাংলা মায়ের সাহসী সন্তানেরা দেশকে শত্রুমুুক্ত করতে যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিল—তাদের পক্ষে দালালি হয়েছে। স্বাধীনতা-উত্তরকালে রাষ্ট্রের স্বার্থে পেশাজীবীরা দালালি করেছেন। এই দালালি দেশ-মাতৃকার জন্য। প্রকৃতপক্ষে সবসময়ই হয়েছে দালালি। সেই দালালি কখনো হয়েছে স্বাধীনতার পক্ষ শক্তির হয়ে। কখনো গণতন্ত্র সুরক্ষার জন্য। সে কারণেই ওয়াকেফহাল মহল মনে করেন, দালালি যদি দেশপ্রেমের চেতনায় উজ্জীবিত হয়ে, দেশের বৃহত্ স্বার্থে করা হয় তবে সেই দালালিতে ক্ষতি কি? পেশাজীবীরা তাই বলতেই পারেন ‘হ্যাঁ, আমরা দালালি করি।’