সিংগাইরে শিক্ষক নিয়োগে ম্যানেজিং কমিটি বিভক্ত

আপডেট : ১৬ জুলাই ২০১৪, ২০:৩৮
সিংগাইর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগকে কেন্দ্র করে ম্যানেজিং কমিটি দু’ভাগে বিভক্ত হয়ে পড়ছে। ফলে সহকারী প্রধান শিক্ষক আব্দুস সালাম পদত্যাগপত্র জমা দিয়েছেন। এ বিদ্যালয়ে একজন সহকারী বাংলা শিক্ষক নেয়ার জন্য ১২ জুন নিয়োগ পরীক্ষা হয়। এতে ৫ পরীক্ষার্থী অংশ নেন। লিখিত এবং মৌখিক পরীক্ষায় খন্ডকালীন শিক্ষক বনানী ঘোষাল সর্বোচ্চ নম্বর পান বলে নিয়োগ কমিটি তাকে নেয়ার সিদ্ধান্ত নেন। কিন্তু এ সিদ্ধান্তকে কেন্দ্র করে নিয়োগ কমিটি (একাংশ) এবং ম্যানেজিং কমিটির (একাংশ) বিরোধ দেখা দেয়। এদিকে এদের সাথে একমত পোষণ করে বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক আব্দুস সালাম গত ১০ জুলাই চাকরি না করার পদত্যাগপত্র জমা দিয়েছেন প্রধান শিক্ষকের কাছে। যার সত্যতা স্বীকার করে প্রধান শিক্ষক মো: আতোয়ার রহমান বলেন, সভাপতির হুমকির কারণে অভিমান করে সে পদত্যাগপত্র জমা দিয়েছেন।