ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানির (ডিপিডিসি) ২০তলা ভবন নির্মাণের সামগ্রী সরবরাহ করা একটি সহযোগী ঠিকাদারি প্রতিষ্ঠানের মালিককে ক্রসফায়ারে হত্যার হুমকি দিয়েছে মূল ঠিকাদারি প্রতিষ্ঠান। গতকাল বুধবার সেগুনবাগিচায় ক্রাইম রিপোর্টার্স এসোসিয়েশনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে আজনীন এন্টারপ্রাইজের চেয়ারম্যান আবুল কালাম আজাদ এ অভিযোগ করেন ঠিকাদারি প্রতিষ্ঠান টেকভেন কনস্ট্রাকশন লিমিটেডের বিরুদ্ধে। এ বিষয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়, ডিএমপি কমিশনার, র্যাব ডিজির কাছেও প্রতিকার চেয়ে আবেদন করেছেন বলে জানান তিনি ।
সংবাদ সম্মেলনে বলা হয়, মতিঝিল থানাধীন ১২/১/বি নাম্বার হোল্ডিংসে ডিপিডিসির ১৩২/৩৩ কেভি সাব-স্টেশন নির্মাণ প্রকল্পের মূল কাজ পায় ‘সিসিসিই’ নামের একটি চায়না কোম্পানি। নতুন এই ভবন নির্মাণ কাজ শুরুর আগে ২০১৭ সালের অক্টোবর মাসে এখানের পুরাতন ভবন ভাঙার কাজ পায় তার ঠিকাদারী প্রতিষ্ঠান আজনীন এন্টারপ্রাইজ। আর নতুন বহুতল ভবনের ছয়তলা পর্যন্ত নির্মাণের জন্য রাজধানীর পান্থপথ এলাকার বাংলাদেশ ফাউন্ড্রি ইঞ্জিনিয়ারিং ওয়ার্কস লিঃ (বিএফইডব্লিউ) নামক একটি প্রতিষ্ঠানকে সাব কন্ট্রাক্টর হিসেবে নিয়োগ দেয় সিসিসিই। এরপর নতুন ভবন নির্মাণে পাইলের বোরিং কাজসহ রড, বালি, সিমেন্ট, ইট ও অন্যান্য প্রয়োজনীয় মালামাল সরবরাহ করে আজনীন এন্টারপ্রাইজ। ২০১৮ সালের মাঝামাঝি ‘সিসিসিই’ কর্তৃপক্ষ পুনরায় ছয় তলা পর্যন্ত নির্মাণের জন্য সাব কন্ট্রাক্টর নিয়োগ দেয় টেকভেন কনস্ট্রাকশন লিমিটেড নামের একটি কোম্পানিকে। এ কার্যাদেশের বিপরীতে আজনীন এন্টারপ্রাইজ বিভিন্ন কাজসহ প্রায় সাড়ে ৪ কোটি টাকার মালামাল সরবরাহ করে। এর মধ্যে তারা প্রায় দুই কোটি টাকা পরিশোধ করে। প্রায় দুই মাস ধরে টেকভেন কর্তৃপক্ষ বিল প্রদান বন্ধ করে দেয়। এরপর টেকভেন কর্তৃপক্ষকে টাকা পরিশোধের কথা বললে উল্টো আজনীন এন্টারপ্রাইজের চেয়ারম্যান আবুুল কালাম আজাদকে র্যাব দিয়ে ক্রসফায়ারের হুমকি দেওয়া হয়। এতে চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন আজনীন এন্টারপ্রাইজের চেয়ারম্যান আবুল কালাম আজাদ।
