সংবাদ সংক্ষেপ

আপডেট : ১৬ জুলাই ২০১৪, ২০:৩৯
কোটালীপাড়ায় ফলদ বৃক্ষমেলার উদ্বোধন কোটালীপাড়া (গোপালগঞ্জ) সংবাদদাতা \ গোপালগঞ্জের কোটালীপাড়ায় উপজেলা প্রশাসন ও উপজেলা কৃষি সমপ্রসারণ অধিদপ্তরের আয়োজনে ৩ দিনব্যাপী ফলদ বৃক্ষমেলার উদ্বোধন করা হয়েছে। এ উপলক্ষে গতকাল বুধবার একটি বর্ণাঢ্য র্যালি প্রদক্ষিণ শেষে মেলা প্রাঙ্গণে এসে শেষ হয়। পরে উপজেলা ভাইস চেয়ারম্যান মতিয়ার রহমান হাজরা প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মেলার উদ্বোধন করেন। এ সময় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ সফিকুল ইসলাম, উপজেলা কৃষি অফিসার রথীন্দ্র নাথ বিশ্বাস, কৃষি সমপ্রসারণ কর্মকর্তা মোঃ সাদেকুজ্জামান, মহিলা বিষয়ক কর্মকর্তা শ্রীময়ী বাগচী, উপজেলা কৃষক লীগ সভাপতি জাফরুল ইসলাম উপস্থিত ছিলেন। বড়াইগ্রামে বয়স্ক, বিধবা ও প্রতিবন্ধী কার্ড বিতরণ বড়াইগ্রাম (নাটোর) সংবাদদাতা \ নাটোরের বড়াইগ্রাম উপজেলার বনপাড়া পৌরসভার উদ্যোগে গতকাল বুধবার নতুন তালিকাভুক্ত বয়স্ক, বিধবা ও প্রতিবন্ধিদের মাঝে আনুষ্ঠানিকভাবে ভাতা ও কার্ড বিতরণ করা হয়েছে। পৌরসভা চত্বরে মেয়র কেএম জাকির হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন আলহাজ্ব অধ্যাপক আব্দুল কুদ্দুস এমপি। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মোসা. শরীফুন্নেসা, সমাজসেবা কর্মকর্তা বায়েজীদ হোসেন ওয়ারেছী, আওয়ামী লীগ নেতা আব্দুল কুদ্দুস (প্রেস), ওয়ার্ড কাউন্সিলর শহীদুল ইসলাম, ময়েজউদ্দিন ও আসলাম হোসেন, পৌর সচিব রেজাউল করিম বক্তব্য রাখেন। দেবীগঞ্জে সন্ধানী লাইফ ইনস্যুরেন্সের বীমা দাবি পরিশোধ দেবীগঞ্জ (পঞ্চগড়) সংবাদদাতা \ সন্ধানী লাইফ ইনস্যুরেন্স দেবীগঞ্জ উপজেলা শাখায় মঙ্গলবার দুপুরে বীমার মরণোত্তর দাবির চেক প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। সন্ধানী লাইফ ইনস্যুরেন্সের দেবীগঞ্জ ম্যানেজার মোঃ রবিউল ইসলাম চৌধুরীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকেন আবু তোরাব সরকার, সদর ইউপি চেয়ারম্যান, দেবীগঞ্জ, বিশেষ অতিথি মোঃ সেলিম মতি, ডি,বি,সি, আলিফুল ইসলাম পল্লব আর,সি সন্ধানী লাইফ ইনস্যুরেন্স কোম্পানি। অনুষ্ঠানে টেপ্রিগঞ্জ সুতিপাড়া নিবাসী মরহুম সুরুজ্জামানের স্ত্রীর নিকট মৃত্যুকালীন বীমা দাবির এক লক্ষ টাকার চেক হাতে তুলে দেয়া হয়। নেত্রকোনা ছাত্রদলের যুগ্ম সম্পাদকের বহিষ্কারাদেশ প্রত্যাহার নেত্রকোনা প্রতিনিধি \ নেত্রকোনা জেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক সোলায়মান হাসান রুবেলের উপর থেকে বহিষ্কারাদেশ কেন্দ্র থেকে গত মঙ্গলবার প্রত্যাহার করা হয়েছে। গত ২৪ ফেব্রুয়ারি রুবেলের বিরুদ্ধে সংগঠন বিরোধী কার্যকলাপের অভিযোগ এনে বহিষ্কার করা হয়েছিল। ছাত্রদল কেন্দ্রীয় কমিটির দপ্তর সম্পাদক নাজমুল হাসান স্বাক্ষরিত পত্রে বলা হয়, রুবেল বর্তমানে জেলা ছাত্রদলের নেতৃত্বের প্রতি পূর্ণ আস্থা এবং সরকার বিরোধী চলমান আন্দোলনে সক্রিয় থাকায় কেন্দ্র তার প্রতি সন্তুষ্ট হয়ে বহিষ্কারাদেশ প্রত্যাহার করেছে। এদিকে বহিষ্কারাদেশ প্রত্যাহার করায় গতকাল মঙ্গলবার জেলা ছাত্রদলের উদ্যোগে নেত্রকোনা শহরে মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। বিএনএফের সহায়তায় আরডিসির সভা মহেশপুর (ঝিনাইদহ) সংবাদদাতা \ গতকাল বুধবার সকালে আরডিসির ফতেপুর ট্রেনিং রুমে বিএনএফের সহায়তায় এক উদ্বুদ্ধকরণ সভা অনুষ্ঠিত হয়। নারীদের আত্মকর্মসংস্থানের জন্য এবং জীবন দক্ষতা উন্নয়নে উদ্বুদ্ধকরণ সভায় সভাপত্বিত করেন আরডিসির নির্বাহী প্রধান আব্দুর রহমান। বক্তব্য রাখেন রহিমা খাতুন, বিউট খাতুন, আরডিসির প্রোগ্রাম কো-অর্ডিনেটর দাউদ হোসেন প্রমুখ। নারীদের অধিকার, বাল্য বিয়ে, স্বাস্থ্য ও পরিবার, আত্মকর্মসংস্থানসহ বিভিন্ন বিষয় নিয়ে সভায় আলোচনা করা হয়। জার্মানি চ্যাম্পিয়ন হওয়ায় কাউখালীতে আনন্দ মিছিল কাউখালী (পিরোজপুর) সংবাদদাতা \ জার্মান ফুটবল দলের বিশ্বকাপ জয়ে যেন পিরোজপুরের কাউখালীর গন্ধর্ব গ্রাম জার্মানির কোন গ্রামের প্রতিচ্ছবি। জার্মানির বিজয়ে কাউখালীর ফুটবল প্রেমী অধ্যাপক প্রদীপ কিশোর হালদার গতকাল বুধবার সমর্থক ও গ্রামবাসীদের নিয়ে আনন্দ মিছিল বের করে। পরে গ্রামবাসীদের মাঝে ৮০ কেজি মিষ্টি বিতরণ করেছেন। খেলার শুরু থেকেই জার্মান ভক্ত অধ্যাপক প্রদীপ কিশোর হালদার জার্মানীর খেলার দিন দর্শকদের খিচুড়ি-নাস্তা দিয়ে সারারাত মাতিয়ে রাখতেন। সোনাতলায় দুস্থ মানুষের মাঝে শাড়ি-লুঙ্গি বিতরণ সোনাতলা (বগুড়া) সংবাদদাতা \ সোনাতলার ফুলবাড়িয়ায় আবিদা নূর সমাজ কল্যাণ সংস্থার উদ্যোগে উপজেলার বিভিন্ন এলাকার গরীব-দুস্থ মানুষের মাঝে গতকাল বুধবার পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে শাড়ি ও লুঙ্গি বিতরণ করা হয়েছে। ফুলবাড়িয়া গ্রামের মোঃ আমজাদ হোসেন মণ্ডল এসআই এর বাড়ি থেকে সংস্থার সভাপতি আবিদা সুলতানা হীরা প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শাড়ি ও লুঙ্গি বিতরণ করেন। এ সময় উপস্থিত ছিলেন সংস্থার প্রতিষ্ঠাতা এওয়াইএম নূর উদ্দীন চৌধুরী শামীম, উপদেষ্টা এসআই আমজাদ হোসেন মুঞ্জু, হাবিবা বেগম, সহ-সভাপতি বাদল হোসেন, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শফিউল্লাহ প্রমুখ। কলমাকান্দায় গৃহনির্মাণ বিষয়ক কর্মশালা কলমাকান্দা (নেত্রকোনা) সংবাদদাতা \ নেত্রকোনা জেলার কলমাকান্দায় গতকাল বুধবার হ্যাবিট্যাট ফর হিউম্যানিটি ইন্টারন্যাশনাল-বাংলাদেশ-এর উদ্যোগে কলমাকান্দা ইউনিয়ন পরিষদ মিলনায়তনে দুর্যোগ ব্যবস্থাপনা, ওয়াশ ও সহনশীল গৃহ নির্মাণ কৌশল বিষয়ক কর্মশালা হ্যাবিট্যাট-এর প্রোগ্রাম অফিসার তুষার চক্রবর্তীর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন বড়খাপন ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ হাদিছুজ্জামান। এ সময় উপস্থিত ছিলেন কলমাকান্দা প্রেসক্লাব সম্পাদক মোঃ ফখরুল আলম খসরুসহ অন্য পেশাজীবীগণ। পাথরঘাটায় স্থায়ী বেড়িবাঁধের দাবিতে মানববন্ধন পাথরঘাটা (বরগুনা) সংবাদদাতা\ গতকাল বুধবার বরগুনার পাথরঘাটায় স্থায়ী বেড়িবাঁধ নির্মাণের জন্য মানববন্ধন করেছে পদ্মা ও রুহিতা গ্রামের ৫ শতাধিক মানুষ। এর আগে উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে পানিসম্পদ মন্ত্রীর কাছে একটি স্মারকলিপি প্রদান করা হয়। উপজেলার রুহিতা ও পদ্মা এলাকার বাসিন্দাদের সংগঠন ‘রিফ্লেকশন অ্যাকশন’ এর উদ্যোগে এ মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করা হয়। এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা শাখাওয়াত হোসেন সরকার, উপজেলা পরিষদের চেয়ারম্যান রফিকুল ইসলাম রিপন মোল্লা, সদর পাথরঘাটা ইউনিয়নের চেয়ারম্যান আসাদুজ্জামান আসাদ, ইউপি সদস্য কালাম, জয়নব বিবি ও খলিলুর রহমানসহ সদর পাথরঘাটা ইউনিয়নের ৫ শতাধিক স্থানীয় বাসিন্দা। গলাচিপায় নারী উন্নয়ন ফোরামের কমিটি গঠন গলাচিপা (পটুয়াখালী) সংবাদদাতা\ গলাচিপায় উপজেলা গভর্ন্যান্স প্রজেক্ট এর আওতায় উপজেলা, পৌরসভা এবং ইউনিয়ন পরিষদের নির্বাচিত নারী জনপ্রতিনিধিদের সমন্বয়ে বুধবার ‘নারী উন্নয়ন ফোরাম‘ গঠন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়। উপজেলা পরিষদ হল রুমে উপজেলা নির্বাহী অফিসার মো. মাহবুব আলমের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন স্থানীয় সরকার বরিশাল বিভাগের পরিচালক প্রণয় কান্তি বিশ্বাস, বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. সামছুজ্জামান লিকন, মহিলা ভাইস চেয়ারম্যান নার্গিস সুলতানা। বক্তব্য রাখেন মহিলা বিষয়ক কর্মকর্তা জেসমিন আক্তার, প্রেসক্লাব সভাপতি মলয় দত্ত, ইউপি সদস্য ইশরাত জাহান আসমা প্রমুখ। মূল প্রবন্ধ উপস্থাপন করেন বরিশাল বিভাগীয় ফ্যাসিলেটটর অসীম কুমার সাহা প্রমুখ। ধোবাউড়ায় কৃতী ছাত্র-ছাত্রীদের সংবর্ধনা ধোবাউড়া (ময়মনসিংহ) সংবাদদাতা \ গতকাল ওয়ার্ল্ডভিশন বাংলাদেশ ধোবাউড়া এডিপি-এর উদ্যোগে এস.এস.সি-২০১৪ পরীক্ষায় জিপিএি-৫ প্রাপ্ত ছাত্র-ছাত্রীদেরকে সংবর্ধনা দেয়া হয়। ওয়ার্ল্ডভিশন ধোবাউড়া এডিপি’র ম্যানেজার ব্রাউনসন দারিং-এর সভাপতিত্বে উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ সামছুল হক প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কৃতী ছাত্র-ছাত্রীদের মাঝে পুরস্কার তুলে দেন। টেকেরহাটে সেমাই কারখানায় জরিমানা টেকেরহাট (মাদারীপুর) সংবাদদাতা \ উপজেলা নির্বাহী অফিসার মোঃ মিজানুর রহমান-এর নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত গতকাল বুধবার দুপুরে টেকেরহাট বন্দরে অভিযান চালায় এবং এসময় স্বপন কুমার সাহার সেমাই-এর কারখানায় অস্বাস্থ্যকর পরিবেশে সেমাই তৈরির সময় মালিক ও কর্মচারীরা হাতেনাতে ধরা পড়ে। ভ্রাম্যমাণ আদালত মালিক স্বপন কুমার সাহাকে ৩০ হাজার টাকা জরিমানা অনাদায়ে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করে । স্বপন কুমার সাহা ৩০ হাজার টাকা জরিমানা দিয়ে ছাড়া পায়। এ সময় বিএসটিআই এর কর্মকর্তারাও উপস্থিত ছিল। গৌরনদী পৌরসভার প্রাক বাজেট ঘোষণা গৌরনদী (বরিশাল) সংবাদদাতা \ গতকাল মঙ্গলবার সন্ধ্যায় পৌর ভবন মিলায়তনে পৌর মেয়র মোঃ হারিছুর রহমান হারিছ ১৮ তম প্রস্তাবিত বাজেট ঘোষণা করেন। বাজেট ঘোষণা উপলক্ষে অনুষ্ঠিত আলোচনা সভা পৌর মেয়র মোঃ হারিছুর রহমান হারিছের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন কাসেমাবাদ দরবার শরীফের পীর মাওলানা আ, ফ, ম ওহিদ। বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি এইচ.এম জয়নাল আবেদীন। বক্তব্য রাখেন পৌর সচিব মোঃ সফিকুল ইসলাম, বিআরডিবি চেয়ারম্যান ও পৌর আওয়ামী লীগের সভাপতি মনির হোসেন, বার্থী ডিগ্রী কলেজের অধ্যক্ষ কাজী আব্দুল ছালাম, প্রেসক্লাব সভাপতি আসাদুজ্জামান রিপন, গৌরনদী রিপোর্টার্স ইউনিটির সভাপতি মোঃ রফিকুল ইসলাম সবুজ, পৌর কাউন্সিলর কামরুন নাহার মায়া, উপজেলা কৃষক লীগের সভাপতি দেলোয়ার হোসেন প্রমুখ। মেহেরপুরে অবৈধভাবে বালু উত্তোলনে জরিমানা মেহেরপুর প্রতিনিধি \ মেহেরপুরের গাংনী উপজেলার ছাতিয়ান মরা নদীতে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে হানিফ আলী (৪০) নামের একজনকে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। হানিফ আলী ছাতিয়ান গ্রামের হুরমত আলীর ছেলে। গতকাল বুধবার দুপুর ১২ টার সময় ছাতিয়ান গ্রামে পাশে মরা নদীতে বালু উত্তোলন করছে এমন গোপন সংবাদের ভিত্তিতে উপজেলা নির্বাহী অফিসার আবুল আমিন অভিযান চালান। এসময় ওই স্থানে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে বালুমহল ও মাটি ব্যবস্থাপনা আইনে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসারের পেশকার মিজানুর রহমান। জলঢাকায় বিরতিহীন পরীক্ষার প্রতিবাদে মানববন্ধন জলঢাকা (নীলফামারী) সংবাদদাতা \ শিক্ষামন্ত্রীর বক্তব্যে বিরতিহীনভাবে পাবলিক পরীক্ষা নেয়ার সিদ্ধান্তের প্রতিবাদে নীলফামারীর জলঢাকায় বিক্ষোভ ও মানববন্ধন করেছে উপজেলার সাধারণ ছাত্র-ছাত্রীরা। গতকাল বুধবার সকালে জলঢাকা ডিগ্রী মহাবিদ্যালয় হতে একটি বিক্ষোভ মিছিল পৌরশহর প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ চত্বরে গিয়ে মানববন্ধনে অংশ নেয় এবং সেখানে ১ ঘণ্টার মানববন্ধন করে। এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা হাসান হাবিবের কাছে একটি প্রতিবাদলিপি প্রদান করেন সাধারণ ছাত্র-ছাত্রীরা। মানববন্ধনে বক্তব্য রাখেন রাফিন, কানুন, আরিফ, ফুল ও মিশু প্রমুখ। মোরেলগঞ্জে প্রাথমিক স্বাস্থ্য পরিচর্যা কর্মশালা মোরেলগঞ্জ (বাগেরহাট) সংবাদদাতা \ আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ-মোরেলগঞ্জ এডিপি’র স্বাস্থ্য প্রকল্পের আয়োজনে গতকাল বুধবার স্থানীয় তুবা কমিউনিটি সেন্টার অডিটরিয়ামে অনুষ্ঠিত হয়েছে প্রাথমিক স্বাস্থ্য পরিচর্যা বিষয়ক কর্মশালা। কর্মশালাটি পরিচালনা করেন সংস্থার হেলথ প্রোগ্রাম অর্গানাইজার সজল চন্দ্র হালদার ও সুপর্ণা রানী মণ্ডল। কর্মশালায় অংশগ্রহণকারী শিশু প্রতিনিধি মীম আক্তার জানায়, পরিবারভিত্তিক স্বাস্থ্য পরিচর্যা সঠিক ও কার্যকরীভাবে অনুশীলন করা এবং তা বিশেষ করে শিশুদের জন্য কল্যাণকর হয় এমন লক্ষ্য নিয়ে এই কর্মশালার আয়োজন করা হয়েছে। মুন্সীগঞ্জে যক্ষ্মা নিয়ন্ত্রণে গোলটেবিল বৈঠক মুন্সীগঞ্জ প্রতিনিধি \ মুন্সীগঞ্জে যক্ষ্মা নিয়ন্ত্রণ কর্মসূচি, অগ্রগতি ও চ্যালেঞ্জ শীর্ষক গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত হয়েছে। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় এবং ব্র্যাক এর আয়োজনে গতকাল বুধবার এক আলোচনায় বক্তারা জেলা থেকে যক্ষ্মা নির্মূলের জন্য নানামুখী কার্যক্রমের উপর গুরুত্ব আরোপ করেন। জেলা সিভিল সার্জন ডা. কাজী শরিফুল আলমের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন মুন্সীগঞ্জ জেলা প্রশাসক মোঃ সাইফুল হাসান বাদল। এ সময় সভায় বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার কানিজ ফাতেমা, মুন্সীগঞ্জ প্রেসক্লাব সভাপতি মীর নাসির উদ্দিন উজ্জ্বল, মুন্সীগঞ্জ বিএমএ জেলা সভাপতি ডাঃ আক্তার হোসেন বাপ্পি প্রমুখ। লালমনিরহাটে যক্ষ্মা রোগ প্রতিরোধ বিষয়ক সভা লালমনিরহাট প্রতিনিধি \ গতকাল বুধবার নেছারিয়া কামিল মাদ্রাসার হল রুমে জাতীয় যক্ষ্মা নিরোধ সমিতি (নাটাব) জেলা শাখার উদ্যোগে যক্ষ্মা রোগ প্রতিরোধ বিষয়ক এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয় । এতে প্রধান অতিথি ছিলেন সিভিল সার্জন ডা. মোস্তফা কামাল, মুখ্য আলোচক ছিলেন মেডিক্যাল অফিসার ডা. সিরাজুল ইসলাম। সভাপতিত্ব করেন নাটাব জেলা শাখার সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা এস.এম শফিকুল ইসলাম। উন্মুক্ত আলোচনায় অংশগ্রহণ করেন কামিল মাদ্রাসার অধ্যক্ষ মাহফুজার রহমান, সুপার আইয়ুব আলী, সুপার আকতার হোসেন প্রমুখ। ব্রাহ্মণবাড়িয়ায় কওমী ইসলামী ছাত্র ঐক্য পরিষদের মানববন্ধন ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি\ ইসরাইল কর্তৃক ফিলিস্তিনের মুসলমানদের উপর অন্যায় ভাবে গণহত্যার প্রতিবাদে গতকাল বুধবার ব্রাহ্মণবাড়িয়া জেলা কওমী ইসলামী ঐক্য পরিষদের উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়। অনুষ্ঠিত মানববন্ধনে সংগঠনের সাধারণ সম্পাদক হাফেজ মাওলানা এরশাদুল্ল¬াহ’র সভাপতিত্বে এবং এম নুরুল্ল¬াহ আল মানসুর এর পরিচালনায় বক্তব্য রাখেন মাওলানা কেফায়েত উল্ল¬াহ, মাওলানা মোমিন, মাওলানা আব্বাস উদ্দিন, মাওলানা রমহতুল্ল¬াহ, মাওলানা মনিরুজ্জামান, মাওলানা মনির হোসাইন প্রমুখ। মোরেলগঞ্জে লোকাল এগ্রি বিজনেস নেটওয়ার্কের সভা মোরেলগঞ্জ (বাগেরহাট) সংবাদদাতা \ বাগেরহাটের মোরেলগঞ্জে গতকাল বুধবার ক্যাটালিষ্ট হেলভেটাস সুইস ইন্টার কো-অপারেশন পার্টনারশীপ লোকাল এগ্রি বিজনেস নেটওয়ার্ক (ল্যান) প্রোগ্রামের এক অবহিতকরণ সভা ও উপজেলা ব্যবসায়ী সংগঠনের সাথে প্রকল্পের সমঝোতা স্বাক্ষর অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। অবহিতকরণ সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব এ্যাড. শাহ-ই-আলম বাচ্চু। বিশেষ অতিথি ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান এইচএম ছাবুল আকতার, মহিলা ভাইস চেয়ারম্যান আজমিন নাহার, উপজেলা কৃষি কর্মকর্তা এইচএম জাহাঙ্গীর আলম, উপজেলা প্রকল্প কর্মকর্তা মো. আশরাফ হোসেন। বক্তব্য রাখেন, মোরেলগঞ্জ এগ্রি ব্যবসায়ীর সভাপতি শহিদুল ইসলাম, সাধারণ সম্পাদক আসলাম হোসেন প্রমুখ। নড়াইলে গৃহবধূকে হত্যার অভিযোগ নড়াইল প্রতিনিধি \ নড়াইলে রাজিয়া বেগম (২৫) নামে এক গৃহবধূকে হত্যার অভিযোগ পাওয়া গেছে। রাজিয়া বেগমের মৃত্যুর পর নড়াইল সদর হাসপাতালে লাশ ফেলে স্বামী আল আমিন ও তার পরিবারের সদস্যরা পালিয়ে যায়। ঘটনাটি ঘটেছে গতকাল বুধবার। রাজিয়ার বাবা নড়াইল সদর উপজেলার হবখালী ইউনিয়নের বিলডুমুরতলা গ্রামের মিয়াজান মোল্লা জানান, প্রায় ৬ বছর আগে সদর উপজেলার পংকবিলা গ্রামের আল-আমিনের সাথে তার মেয়ে রাজিয়া বেগমের বিয়ে হয়। বিয়ের পর সংসারে অশান্তি বিরাজ করছিল। এক পর্যায়ে মঙ্গলবার রাতে আল আমিন রাজিয়ার ওপর শারীরিক নির্যাতন চালায়। নড়াইল সদর হাসপাতালে আনার পর চিকিত্সকরা তাকে মৃত ঘোষণা করেন। চৌদ্দগ্রামে ইউপি সদস্য খুনের ঘটনায় ৩২ জনের বিরুদ্ধে মামলা চৌদ্দগ্রাম (কুমিল্লা) সংবাদদাতা \ কুমিল্লার চৌদ্দগ্রামের আলোচিত আলকরা ইউপি মেম্বর নুরুল আলম খোন্দকার খুনের ঘটনায় ৪ ইউপি মেম্বরসহ ৩২ জনের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করা হয়েছে। সোমবার রাতে ইউপি চেয়ারম্যান ইসমাইল হোসেন বাচ্চু বাদি হয়ে মামলাটি করেন। চেয়ারম্যানের বিরুদ্ধে অনাস্থা নিয়ে বিরোধে তাকে খুন করা হয় বলে মামলায় উল্লেখ করা হয়। মামলার আসামিরা হচ্ছেন; যুবলীগ নেতা আকবর কবির শিশির, রমজান আলী, কুলাসারের জামাল উদ্দিন, আবুল কালাম, কাইচ্ছুটির নাছির উদ্দিন, দক্ষিণ কাইচ্ছুটির নুর নবী, লক্ষীপুরের শাহজাহান, শিলরীর মামুন, মাসুম, উত্তর আলকরার ইসমাইল, আশফালিয়ার শিমুল, ইউপি মেম্বর লক্ষীপুরের বেলাল হোসেন, আলকরার রফিকুল ইসলাম, কুলাসারের দেলোয়ার হোসেন, কাইচ্ছুটির জাফর ও সাবেক মেম্বর পশ্চিম ডেকরার আলী হোসেন। আখাউড়া বিএনপির সাংগঠনিক সম্পাদকের পদত্যাগ আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) সংবাদদাতা \ অবশেষে আখাউড়া উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. রুহুল আমিন খাদেম পদত্যাগ করেছেন। গত ১৩ জুলাই জেলা বিএনপির সভাপতির নিকট কুরিয়ার সার্ভিসে মাধ্যমে তার পদত্যাগ পত্র পাঠিয়েছেন। পদত্যাগ পত্রে তিনি ব্যক্তিগত ও পারিবারিক অসুবিধার কারণে দায়িত্ব পালন করা সম্ভব নয় উল্লেখ করেছেন। এদিকে মো. রুহুল আমিন খাদেম গত দুই মাস আগে স্থানীয় সংসদ সদস্য ও আইনমন্ত্রী এডভোকেট আনিসুল হকের সাথে সাক্ষাত্ করে আওয়ামী লীগে যোগ দিয়েছেন বলে এলাকায় গুঞ্জন রয়েছে। তবে রুহুল আমিন খাদেম আওয়ামী লীগে যোগদানের বিষয়টি স্পষ্ট করেননি। বিএনপি থেকে পদত্যাগের মাধ্যমে তার বিএনপির রাজনীতি ছাড়ার বিষয়টি পরিষ্কার হয়েছে। জীবননগরে মাধ্যমিক শিক্ষক সমিতির স্মরণসভা জীবননগর (চুয়াডাঙ্গা) সংবাদদাতা \ উপজেলার করতোয়া মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ও জীবননগর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক এহিয়া খানের অকাল মৃত্যুতে গতকাল বুধবার জীবননগর পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয় মিলনায়তনে এক স্মরণসভা অনুষ্ঠিত হয়। স্মরণসভায় সভাপতিত্ব করেন রায়পুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল হান্নান শাহ্। আলীপুর মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক আবুল হাশেমের পরিচালনায় অনুষ্ঠিত স্মরণসভায় বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সাবেক সভাপতি গয়েশপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হারুন-অর-রশিদ, বিসিকেএমপি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহবুব আলম, করতোয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক তৌফিকুর রহমান, উথলী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আকরাম হোসেন ও উথলী মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক লুত্ফর রহমান প্রমুখ। বানারীপাড়ায় বিহারী লাল একাডেমির পুনঃনির্বাচন বানারীপাড়া (বরিশাল) সংবাদদাতা \ হাইকোর্টে রিট খারিজ ও বরিশাল শিক্ষা বোর্ডের নির্দেশে প্রায় দুই বছর পর বানারীপাড়ায় বিহারী লাল একাডেমির পরিচালনা পর্ষদের সভাপতি পুনঃনির্বাচন অনুষ্ঠিত হয়েছে। সমপ্রতি বিদ্যালয়ের অফিস কক্ষে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ সহিদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সভাপতি পদে পুনঃনির্বাচনী সভায় সর্বসম্মতিক্রমে প্রকৌশলী অনিমেষ সরকার নয়ন ইলুহার বিহারী লাল একাডেমি মাধ্যমিক বিদ্যালয়ের পরিচালনা পর্ষদের সভাপতি নির্বাচিত হন। এসময় উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক খান আফজাল হোসেন, অভিভাবক সদস্য মোঃ কালাম আকন, শাহিন হাওলাদার, বাবুল সিকদার, নিমচাঁদ রায় ও মহিলা অভিভাবক সদস্য শিউলী সুলতানা, শিক্ষক প্রতিনিধি সদস্য নরেন্দ্র নাথ বাড়ৈ, সুধাংশু কুমার মণ্ডল ও খাদিজা খানম প্রমুখ। মিরপুরে বিধবা ও প্রতিবন্ধীদের মাঝে ভাতা বিতরণ মিরপুর (কুষ্টিয়া) সংবাদদাতা \ কুষ্টিয়ার মিরপুর উপজেলার সদরপুর, আমলা ও মালিহাদ ইউনিয়নের বয়স্ক, বিধবা ও প্রতিবন্ধীদের ভাতা বিতরণ করা হয়েছে। গত মঙ্গলবার উপজেলার সদরপুর ইউনিয়ন পরিষদের কার্যালয়ে বয়স্ক, বিধবা ও প্রতিবন্ধীদের মাঝে এ ভাতা বিতরণ উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এতে সদরপুর ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তাইজাল হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন মিরপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান কামারুল আরেফিনের সহধর্মিণী শামসুন্নাহার আরেফিন। বিশেষ অতিথি ছিলেন উপজেলা জাসদের সাধারণ সম্পাদক আহাম্মদ আলী, উপজেলা সমাজ সেবা কর্মকর্তা মুরাদ হোসেন, আমলা ইউপির চেয়ারম্যান ডাঃ রফিকুল ইসলাম, সদরপুর সিদ্দিকীয়া দাখিল মাদ্রাসার ম্যানেজিং কমিটির সভাপতি মাজেদুর আলম বাচ্চু, আমলা সোনালী ব্যাংক কর্মকর্তা হেলাল উদ্দিন। রাঙ্গুনিয়া পৌরসভার ১৫ কোটি টাকার বাজেট ঘোষণা রাঙ্গুনিয়া (চট্টগ্রাম) সংবাদদাতা \ চট্টগ্রামের রাঙ্গুনিয়া পৌরসভার ২০১৪-১৫ সালের বাজেট ঘোষণা করা হয়েছে। গত মঙ্গলবার পৌরসভা মিলনায়তনে মেয়র আলহাজ্ব খলিলুর রহমান চৌধুরী এ বাজেট ঘোষণা করেন। পৌর সচিব মো. আল হেলালের পরিচালনায় আয়োজিত অনুষ্ঠানে বাজেট আলোচনায় অংশ নেন প্যানেল মেয়র জালাল উদ্দিন, আবদুস সামাদ খাঁন, মঞ্জুরা খাতুন, কাউন্সিলর হেলাল উদ্দিন শাহ, নজরুল ইসলাম, মো. সেলিম, জমির হোসেন, কপিল উদ্দিন সিকদার, মো. জসিম উদ্দিন, নাছির উদ্দিন, নাসিমা আকতার ও রেবা রাণী দে প্রমুখ। বাজেটে উন্নয়ন খাতে সর্বোচ্চ সাড়ে ১১ কোটি টাকা বরাদ্দ ধরা হয়েছে। দ্বিতীয় সর্বোচ্চ বরাদ্দ দেয়া হয়েছে সাধারণ সংস্থাপন খাতে। মাদারীপুরে নাটাবের অ্যাডভোকেসি সভা মাদারীপুর প্রতিনিধি \ জাতীয় যক্ষ্মা নিরোধ সমিতি (নাটাব) মাদারীপুর শাখার আয়োজনে গতকাল বুধবার এক জেলা অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন জেলা নাটাবের সাধারণ সম্পাদক বজলুর রহমান মন্টু খান। স্থানীয় পাবলিক ইনষ্টিটিউশনে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সিভিল সার্জন ডা. বাসুদেব কুমার দাস। এতে বক্তব্য রাখেন ডা. এস.এম. খলিলুজ্জামান হিমু, জেলা নাটাবের সহ-সভাপতি শাহজাহান খান, কেন্দ্রীয় নাটাব প্রতিনিধি অলোক কুমার দাস প্রমুখ। নওগাঁ জেলা প্রেসক্লাবের ভবন সংস্কার কাজ উদ্বোধন নওগাঁ প্রতিনিধি\ নওগাঁ জেলা প্রেসক্লাবের ভবন সংস্কার কাজের উদ্বোধন করা হয়েছে। গতকাল বুধবার দুপুরে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে আনুষ্ঠানিকভাবে এই সংস্কার কাজের উদ্বোধন করেন নওগাঁ সদর আসনের সংসদ সদস্য মোঃ আব্দুল মালেক। জেলা প্রেসক্লাবের সভাপতি এমদাদুল হক সুমনের সভাপতিত্বে প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন পৌরসভার মেয়র মোঃ নজমুল হক সনি, অতিরিক্ত পুলিশ সুপার মোঃ কফিল উদ্দিন, সদর উপজেলা চেয়ারম্যান আবু বক্কর সিদ্দিক নান্নু, এলজিইডি’র নির্বাহী প্রকৌশলী এসকে দাস, সাবেক সাধারণ সম্পাদক মোঃ শফিকুল ইসলাম। স্বাগত বক্তব্য রাখেন ক্লাবের সাধারণ সম্পাদক আজাদ হোসেন মুরাদ প্রমুখ। খোকসায় প্রশাসনের উদ্যোগে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান খোকসা (কুষ্টিয়া) সংবাদদাতা\ কুষ্টিয়ার খোকসা উপজেলা প্রশাসনের উদ্যোগে পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান শুরু হয়েছে। গতকাল বুধবার নির্বাহী অফিসার রেবেকা খান-এর সভাপতিত্বে উপজেলা পরিষদ চত্বরে পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান ২০১৪-এর উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব সদর উদ্দিন খান। উপজেলা নির্বাহী অফিসার রেবেকা খান এর নেতৃত্বে উপজেলা প্রশাসনের সকল বিভাগের কর্মকর্তা ও কর্মচারীরা অংশ নেয়। উদ্বোধন শেষে উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব সদর উদ্দিন খান বলেন, উপজেলা পরিষদ চত্বরের পরিষ্কার পরিচ্ছন্নতা শেষে পর্যায়ক্রমে উপজেলার সকল এলাকা ও প্রতিষ্ঠানে পরিচ্ছন্নতা অভিযান চালানো হবে। শার্শায় ভিজিএফের ৮৪ বস্তা চাল আত্মসাত্ বেনাপোল (যশোর) সংবাদদাতা \ শার্শা উপজেলার লক্ষ্মণপুর ইউপি চেয়ারম্যান কামাল হোসেন ভিজিএফের ৮৪ বস্তা চাল আত্মসাতের অভিযোগ প্রমাণিত হয়েছে। জেলা প্রশাসকের কাছে দেয়া একটি অভিযোগের ভিত্তিতে গঠিত তদন্ত কমিটি চাল আত্মসাতের প্রমাণ পেয়েছেন। ঐ কমিটি সোমবার তাদের প্রতিবেদন জমা দিয়েছেন। ইউপি চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা কামাল হোসেন ভুঁইয়া গত ৩০ জুন শার্শা খাদ্য গুদাম থেকে ভিজিএফ কর্মসূচির ২শ’ ৬২ বস্তায় ১৩ টন চাল এনে ইউনিয়ন পরিষদের গুদামে রাখেন। কিন্তু বিতরণ না করে তিনি তা থেকে কিছু চাল বিক্রি করে দেন। বিষয়টি জেলা প্রশাসকে জানালে তিনি অভিযোগের সত্যতা যাচাইয়ের জন্য শার্শা উপজেলা নির্বাহী কর্মকর্তাকে তদন্তের নির্দেশ দেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা উপজেলা ভূমি কর্মকর্তা আরিফুজ্জামানকে প্রধান করে তিন সদস্যের একটি কমিটি গঠন করে দেন। তদন্ত কমিটি ইউনিয়ন পরিষদ গুদামে তল্লাশি চালান। এ সময় সেখানে ২শ’ ৬২টি বস্তা থেকে ৮৪ বস্তা চাল কম পান। এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা এটিএম শরিফুল আলম জানান, জেলা প্রশাসকের কার্যালয় থেকে নির্দেশ পাবার পর তদন্ত কমিটি গঠন করে দেন। রিপোর্টে ৮৪ বস্তা চাল আত্মসাতের প্রমাণ পাওয়া গেছে।