আউটসোর্সিং হতে পারে স্বনির্ভর হওয়ার মাধ্যম

আপডেট : ১৬ জুলাই ২০১৪, ২০:৪২
মাত্রাতিরিক্ত ও অপরিকল্পিত জনসংখ্যার কারণে আমাদের দেশের বেকার সমস্যা দিন দিন প্রকট হচ্ছে। কর্মসংস্থানের অভাবে এদেশের অসংখ্য মানুষ আজ দিশেহারা। জনসংখ্যা এমন মারাত্মক বোঝা হয়ে দাঁড়িয়েছে আমাদের এই প্রিয় মাতৃভূমির জন্য। এই জনসংখ্যাকে সম্পদে পরিণত করতে হলে অবশ্যই সচেতন হতে হবে এবং একযোগে কাজ করতে হবে। বর্তমান সময়ে কর্মসংস্থানের অন্যতম মাধ্যম হতে পারে আউটসোর্সিং পেশা। কারণ প্রতিনিয়ত এর ক্ষেত্র বাড়ছে এবং এটার মাধ্যমে প্রচুর বৈদেশিক মুদ্রা আয় করা সম্ভব। আউটসোর্সিং-এর মাধ্যমে একদিকে যেমন আমাদের বেকার সমস্যা লাঘব হবে অন্যদিকে এদেশের অর্থনীতিতে স্থিতিশীলতা আসবে। প্রতিবন্ধী ব্যক্তি যারা চলাচলে অক্ষম তাদের জন্য আউটসোর্সিং হতে পারে স্বনির্ভর হওয়ার অন্যতম মাধ্যম। তাদেরকে জাতীয় অর্থনীতির অগ্রগতিতে সম্পৃক্ত করা যাবে আউটসোর্সিং-এর বিশাল সম্ভাবনাকে কাজে লাগিয়ে। এর ফলে তাদের অসহায় ও হতাশা দূর হবে। আউটসোর্সিং কোনো নির্দিষ্ট জায়গায় বা সময়ে করতে হয় না বলে নারীদের জন্য এটা আরো বেশি উপযোগী। প্রয়োজনীয় প্রশিক্ষণ ও তথ্য পেলে তারাও আউটসোর্সিং-এর মাধ্যমে অর্থ উপার্জন করে পরিবার ও রাষ্ট্রের উন্নতিতে অবদান রাখতে পারবে। মো. আরিফুর রহমান সুমন, সহকারী ব্যবস্থাপক, সাধারণ বীমা কর্পোরেশন, ঢাকা