বরাবরের মত গত অর্থবছরেও (২০১৩-১৪) বাংলাদেশে সবচেয়ে বেশি রেমিট্যান্স প্রেরণকারী দেশ হিসেবে সৌদি আরব তার অবস্থান ধরে রেখেছে। এসময়ে পৃথিবীর বিভিন্ন দেশ থেকে মোট এক হাজার ৪২২ কোটি ৭৪ লাখ মার্কিন ডলার রেমিট্যান্স এসেছে। এর মধ্যে সৌদি আরব থেকে এসেছে ৩১১ কোটি ৮৮ লাখ ডলার। যা ওই বছরের মোট রেমিট্যান্সের ২২ শতাংশ। বাংলাদেশ ব্যাংকের দেশভিত্তিক রেমিট্যান্সের পরিসংখ্যান থেকে এ তথ্য পাওয়া গেছে।
প্রতিবেদনে দেখা গেছে, রেমিট্যান্স প্রেরণকারী দেশের মধ্যে সৌদি আরবের পরেই দ্বিতীয় অবস্থানে রয়েছে সংযুক্ত আরব আমিরাত। এদেশ থেকে এসেছে মোট রেমিট্যান্সের ১৯ শতাংশ বা ২৬৮ কোটি ৪৮ লাখ ডলার। পরে তৃতীয় অবস্থানে রয়েছে যুক্তরাষ্ট্র। গত অর্থবছরে দেশের আসা রেমিট্যান্সের মধ্যে এদেশের শেয়ার ১৬ শতাংশ। অর্থের হিসাবে যার পরিমাণ ২৩২ কোটি ৩৩ লাখ ডলার। এরপরের অবস্থানে থাকা কুয়েত থেকে থেকে এসেছে ১১০ কোটি ৬৮ লাখ ডলার। যা দেশের মোট রেমিট্যান্সের আট শতাংশ। আর পঞ্চম অবস্থানে থাকা মালয়েশিয়া থেকে সাত শতাংশ বা ১০৬ কোটি ৪৬ লাখ ডলার। বাকি ২৮ শতাংশ রেমিট্যান্স এসেছে পৃথিবীর বিভিন্ন দেশ থেকে।
