সুদের হার কমালো পূবালী ব্যাংক

আপডেট : ১৬ জুলাই ২০১৪, ২০:৪৩
বেসরকারি খাতের পূবালী ব্যাংক ঋণের সুদের হার সাড়ে ১৬ শতাংশ থেকে কমিয়ে ১৫ শতাংশ করেছে। পাশাপাশি মোবাইলে এসএমএস সেবা চালু করেছে ব্যাংকটি। মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক(এমডি) হেলাল আহমদ চৌধুরী এসব তথ্য জানান। এসময় ব্যাংকটির অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক এম এ হালিম চৌধুরী, উপ-ব্যবস্থাপনা পরিচালক শফিউল আলম খান চৌধুরীসহ ঊর্ধ্বতন নির্বাহীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে ব্যাংকের এমডি বলেন, শিল্পে বিনিয়োগের জন্য পুঁজি প্রাপ্তির বিষয়টি সহজ করতে হবে। এ কারণে সুদের হার দেড় শতাংশ কমানো হয়েছে। এছাড়া পরিবেশ ও অর্থনৈতিক উন্নয়নমূলক খাত ও ঋণের আকার বেঁধে এবং গ্রাহকের মান বিবেচনায় সুদের হার আরো হ্রাস করার বিষয়টি বিবেচনা করা হচ্ছে। হেলাল আহমদ চৌধুরী বলেন, গ্রাহকদের সার্বক্ষণিক ব্যাংকিং তথ্য প্রদানের জন্য এসএমএস ভিত্তিক সেবা চালু করা হয়েছে। ব্যাংকের ৪২৭ টি শাখার সব গ্রাহকই এ সেবা পাবেন। এর আওতায় সাধারণ ব্যাংকিং তথ্য ছাড়াও লেনদেন সংক্রান্ত যাবতীয় তথ্য জানতে পারবেন। এর মাধ্যমে গ্রাহকদের সঙ্গে ব্যাংকের সম্পর্ক আরো সুদৃঢ় হবে ও অর্থ লেনদেনে ঝুঁকি কমবে।