মেঘনা নদীর পূর্ব তীরের তেতুইতলা ও রায়পাড়া এলাকায় গতকাল বুধবার কয়েকটি প্রতিষ্ঠানের ভরাট ও দখলকৃত অংশ অবমুক্তে অভিযান চালায় বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ ) নারায়ণগঞ্জ নদী বন্দর কর্তৃপক্ষ। এসময় ৩০টি অবৈধ স্থাপনা গুড়িয়ে দেয়া হয়। জব্দকৃত বালু ও পাথর ২৩ লাখ ৬০ হাজার টাকায় নিলামে বিক্রি করা হয়।
৬ দিনব্যাপী অভিযানের শেষদিনে গতকাল সকাল ১০টা থেকে বিকেল ৩টা পর্যন্ত নৌ পরিবহন মন্ত্রণালয়ের উপ-সচিব ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোহাম্মদ মনিরুজ্জামান মিয়ার নেতৃত্বে মেঘনা নদীতে এ উচ্ছেদ অভিযান চালানো হয়। এসময় উপস্থিত ছিলেন বিআইডব্লিউটিয়ের নারায়ণগঞ্জ নদী বন্দরের যুগ্ম পরিচালক গুলজার আলী, উপ পরিচালক মোঃ শহীদুল্লাহ, সহকারী পরিচালক এহতেশামুল পারভেজ।
এদিকে একটি কোম্পানির এক কিলোমিটার ভরাটকৃত অংশের নিলামে অংশ নিতে আসলে স্থানীয় ইউপি সদস্য বিল্লাল হোসেনের ওপর হামলা চালায় প্রতিপক্ষের লোকজন। স্থানীয় সাবেক ইউপি চেয়ারম্যানের সঙ্গে পূর্ব বিরোধের জেরেই তার ওপর হামলা চালানো হয় বলে জানিয়েছে পুলিশ।
বিআইডব্লিউটিএর নারায়ণগঞ্জ নদী বন্দরের যুগ্ম পরিচালক গুলজার আলী বলেন, মেঘনার তীরে তেতুইতলা ও রায়পাড়া এলাকায় ভরাট ও দখলকৃত অংশ অবমুক্তে অভিযান চালানো হয়। ভেকু দিয়ে মাটি খনন করে নদী অবমুক্ত করা হয়। এছাড়া মোনায়েম ও প্রভিটা গ্রুপের ভরাটকৃত বালি নিলামে তুলে ২৩ লাখ টাকায় বিক্রি করা হয়। নৌ পরিবহন মন্ত্রণালয়ের উপ সচিব মোহাম্মদ মনিরুজ্জামান মিয়া জানান, ঈদের পরে নদী দখলকারীদের বিরুদ্ধে আরো জোরদার অভিযান পরিচালিত হবে।
