প্রযুক্তি বিশ্বের ইতিহাসের অন্যতম সেরা একটি নাম আইবিএম। শতবর্ষী এই প্রযুক্তি প্রতিষ্ঠানের কাছে একটা সময়ে বড় ধরনের প্রতিদ্বন্দ্বী হিসেবে নিজেদের জায়গা করে নিতে সমর্থ হয় অ্যাপল। বিশেষ করে অ্যাপলের ম্যাকিন্টোশ পিসি বাজারে আসার পর উভয় প্রতিষ্ঠানের মধ্যে তিক্ত সম্পর্কের সূচনাও হয়। পারস্পারিক বিভিন্ন প্রতিদ্বন্দ্বিতার বাইরে গিয়ে অবশ্য অনেক উদ্যোগেই একত্রিত হয়েছে এই দুই কোম্পানি। এবারে পুনরায় উভয় প্রতিষ্ঠানের একত্রে কাজ করার ঘোষণা এসেছে। আইফোন এবং আইপ্যাডের জন্য ব্যবসায়িক বিভিন্ন অ্যাপ্লিকেশন বা অ্যাপস তৈরি করতে একত্রে কাজ করবে এই দুই টেক জায়ান্ট। শুধু তাই নয়, আইবিএম তাদের ব্যবসায়িক গ্রাহকদের কাছে অ্যাপলের যেসব মোবাইল ডিভাইস বিক্রি করবে সেগুলোতে বিল্ট-ইন হিসেবেই থাকবে এসব নতুন অ্যাপ্লিকেশন। আইবিএম এবং অ্যাপলের একত্রে মোবাইল অ্যাপ্লিকেশন তৈরির উদ্যোগের খবর জানিয়ে এক সংবাদ বিজ্ঞপ্তিতে অ্যাপল জানায়, স্বাস্থ্যসেবা, ব্যাংকিং, যোগাযোগ, ইনস্যুরেন্স, যাতায়াত প্রভৃতি খাতে বিপুল পরিমাণ তথ্য প্রক্রিয়াজাত করার অনন্য অভিজ্ঞতা রয়েছে আইবিএম-এর। ‘আইবিএম মোবাইলফার্স্ট প্ল্যাটফর্ম ফর আইওএস’ শিরোনামের যৌথ উদ্যোগ তাই আইবিএম-এর অভিজ্ঞতাকে ব্যবহার করে বিশ্বব্যাপী নতুন ধরনের ব্যবসায়িক অ্যাপ্লিকেশন তৈরি করতে সহায়তা করবে। ব্যবসায়িক বিভিন্ন খাতে এই উদ্যোগের ফলে শতাধিক অ্যাপ্লিকেশন বিশ্ববাসীর সামনে হাজির হবে বলে জানিয়েছে তারা। যৌথ উদ্যোগের বিস্তারিত তথ্য অবশ্য জানানো হয়নি কোনো প্রতিষ্ঠানের পক্ষ থেকেই। ফলে এই উদ্যোগের ফসল কী পরিমাণ তাত্পর্যপূর্ণ হবে, সেটা নিয়ে খানিকটা দ্বিধান্বিত অনেকেই। এ প্রসঙ্গে গার্টনারের বিশ্লেষক কেন ডুলানি বলেন, ‘আরও বিস্তারিত না জেনে আসলে এ প্রসঙ্গে মন্তব্য করা কঠিন। তবে এন্টারপ্রাইজ পর্যায়ে আইবিএম-এর দীর্ঘ অভিজ্ঞতা রয়েছে। এতদিন তারা মাইক্রোসফটের উইন্ডোজ প্ল্যাটফর্মে কাজ করলেও অ্যাপলের সাথে তাদের নতুন এই উদ্যোগও যথেষ্টই কার্যকরী হয়ে উঠতে পারে।’
