ছাত্রলীগের কার্যক্রমের সঙ্গে সাম্প্রতিককালের জঙ্গিদের কার্যক্রমের মিল রয়েছে বলে মনে করেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সহ-সভাপতি (ভিপি) নুরুল হক নূর। গতকাল বুধবার ঢাবির মধুর ক্যান্টিনে এক সংবাদ সম্মেলনে একথা বলেন তিনি। গত সপ্তাহে বগুড়ায় ইফতার মাহফিলে যাওয়ার পথে তার উপর ছাত্রলীগের হামলার ঘটনার প্রতিক্রিয়ায় তিনি এ সংবাদ সম্মেলন করেন। এসময় তিনি পহেলা বৈশাখের উত্সবে ছাত্রলীগের অগ্নিসংযোগের বিষয়টিও উল্লেখ করেন। এছাড়া সংবাদ সম্মেলনে তিনি ছাত্রলীগের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক গোলাম রাব্বানীর পক্ষ থেকে তাকে ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটিতে এক নম্বর সহ-সভাপতি অথবা যুগ্ম-সাধারণ সম্পাদকের অফার দেওয়া হয় বলেও উল্লেখ করেন।
তিনি বলেন, মুসলমানদের সব থেকে বড় ধর্মীয় উত্সব পবিত্র রমজানে হামলা করে তারা প্রমাণ করছে যে তারা সাম্প্রদায়িক শক্তিতে পরিণত হচ্ছে। তাদের সামগ্রিক কার্যক্রম সাম্প্রতিককালের জঙ্গিদের কার্যক্রমের সঙ্গে সাদৃশ্য মনে হচ্ছে আমাদের। গত ২৫ মে ব্রাহ্মণবাড়িয়ায় ইফতার মাহফিল বন্ধ করে দেওয়ার বিষয়টি উল্লেখ করে নুরুল হক নুর বলেন, সেখানে জেলা ছাত্রলীগের সভাপতির নেতৃত্বে ইফতার মাহফিল প্রতিহত করা হয় তখন আমরা রাস্তার পাশে বসে ইফতার করেছি। নিরাপত্তা নিয়ে শঙ্কিত থাকার পর পুলিশের সহযোগিতা চাইলে তারা সহযোগিতা করেননি। ‘আমরা সেখানে জেলা গ্রন্থাগারের সামনে পৌঁছালে জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদকের নেতৃত্বে হামলা হয়। তারা জঙ্গি হামলার মতো আমাদের উপর হামলা করে।
