সার্বক্ষণিক চলাচল করবে ২০টি ফেরি ও ৩৫টি লঞ্চ

আপডেট : ২৯ মে ২০১৯, ২২:৩৬

আসন্ন ঈদে ঘরমুখো মানুষের যাত্রা নির্বিঘ্ন করতে প্রস্তুত দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুট। দেশের দক্ষিণাঞ্চলের ২১ জেলার কর্মমুখী মানুষের নাড়ির টানে বাড়ি ফেরাকে স্বাগত জানিয়ে এই নৌরুটে যাত্রীদের ভোগান্তি দূরীকরণে সার্বক্ষণিক চলাচল করবে ছোট-বড় ২০টি ফেরি ও ৩৫টি লঞ্চ। গতকাল বুধবার দৌলতদিয়া ফেরি ও লঞ্চঘাটের বিভিন্ন এলাকা পরিদর্শন শেষে নৌ-পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী একথা জানান। পরিদর্শন শেষে গোয়ালন্দ উপজেলা পরিষদ হলরুমে নৌ-পরিবহন মন্ত্রণালয় ও রাজবাড়ী জেলা প্রশাসনের সঙ্গে এক মতবিনিময় সভার আয়োজন করা হয়।

মতবিনিময় সভায় নৌ-পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী বলেন, ঈদে ঘরমুখো মানুষের যাত্রা নির্বিঘ্ন করতে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছে বর্তমান সরকার। ঈদে নৌরুটে যাত্রীদের যেন ভোগান্তিতে পড়তে না হয় সে কারণে এ রুটে ২০টি ফেরি ও ৩৫টি লঞ্চ সার্বক্ষণিক চলাচল করবে।

প্রতিমন্ত্রী আরো বলেন, ঘাট এলাকায় কোনো ধরনের অনিয়ম সহ্য করা হবে না। নৌ-পরিবহন মন্ত্রলাণয়ের সকল কর্মকর্তা-কর্মচারীর ছুটিও বাতিল ঘোষণা করা হয়েছে। কোনো ধরনের প্রাকৃতিক দুর্যোগ না হলে ঈদে যাত্রীদের ঘাটে এসে কোনো বিভ্রান্তিতে পড়তে হবে না। ঘাট এলাকায় যাত্রীদের নিরাপত্তাও শতভাগ নিশ্চিত করা হবে।

সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী ও রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য আলহাজ কাজী কেরামত আলী, নৌ-পরিবহন মন্ত্রণালয়ের সচিব আব্দুস সামাদ, বিআইডব্লিউটিসির চেয়ারম্যান প্রণয় কান্তি বিশ্বাস, বিআইডব্লিউটিএ’র চেয়ারম্যান কমোডর এম মাহবুব-উল ইসলাম, রাজবাড়ীর ভারপ্রাপ্ত জেলা প্রশাসক আলমগীর হুছাইন, পুলিশ সুপার আসমা সিদ্দিকা মিলি, গোয়ালন্দ উপজেলা পরিষদ চেয়ারম্যান এ বি এম নুরুল ইসলাম, নির্বাহী কর্মকর্তা রুবায়েত হায়াত শিপলু, বিআইডব্লিউটিসির    গোয়ালন্দ শাখা ব্যবস্থাপক শফিকুল ইসলাম, সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী কে বি এম সাদ্দাম হোসেন প্রমুখ এ সময় উপস্থিত ছিলেন।