পৃথক ঘটনায় সাত জন নিহত

আপডেট : ১৬ জুলাই ২০১৪, ২১:০৯
নেত্রকোনায় সড়ক দুর্ঘটনায় বিজিবির নায়েব সুবেদারসহ বিভিন্ন স্থানে পৃথক ঘটনায় সাতজনের মৃত্যুর খবর পাঠিয়েছেন ইত্তেফাক প্রতিনিধি ও সংবাদদাতারা। নেত্রকোনায় সড়ক দুর্ঘটনায় বিজিবি’র নায়েব সুবেদার নিহত নেত্রকোনার কলমাকান্দা উপজেলার নয়ানগর এলাকায় গত মঙ্গলবার সন্ধ্যায় মোটর সাইকেল হ্যান্ডট্রলির সংঘর্ষে খারনৈ বিওপির নায়েব সুবেদার মো. মকবুল হোসেন মারা গেছেন। এলাকাবাসী ও বিজিবি ক্যাম্প সূত্রে জানা যায়, নায়েব সুবেদার মো. মকবুল হোসেন মোটর সাইকেলযোগে খারনৈ থেকে কলমাকান্দায় আসার পথে বিকাল ৫টায় সড়ক দুর্ঘটনায় মারাত্মক আহত হন। ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিত্সক সন্ধ্যায় তাকে মৃত বলে জানান। নেত্রকোনার বিজিবি ১১ ব্যাটালিয়ানের কমান্ডিং অফিসার লে. কর্নেল ইমাম আহসান বলেন, গতকাল বুধবার সকালে তার মরদেহ নেত্রকোনার পারলাস্থ বিজিবি ক্যাম্পে আনা হয়েছে। গাংনীতে দুইজনের মৃত্যু মেহেরপুরের গাংনী উপজেলায় পৃথক দুর্ঘটনায় দুইজন মারা গেছেন। নিহতরা হলেন, উপজেলার ওলিনগর এলাকায় ট্রাক ও স্যালোইঞ্জিন চালিত আলগমানের সংঘর্ষে ইছাহাক আলী (৫৬) নামে এক সবজি বিক্রেতা কুষ্টিয়া জেনারেল হাসপাতালে মঙ্গলবার সন্ধ্যায় ও নাটোর বনপাড়ায় সোহান (২৫) নামে এক চা বিক্রেতা কুষ্টিয়া মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিত্সাধীন অবস্থায় গতকাল বুধবার সকালে মারা গেছেন। ভালুকায় বিদ্যুত্স্পৃষ্টে শ্রমিকের মৃত্যু ময়মনসিংহের ভালুকা পৌরসদরের বাগরাপাড়ায় সেফার্ড মিলে বুধবার সকালে মলিন্দ্র চন্দ্র বর্মণ (৪৫) নামে এক শ্রমিক বিদ্যুত্স্পৃষ্টে মারা গেছেন। মাটিতে পড়ে থাকা বিদ্যুতের তার সরাতে গিয়ে অসাবধানতাবশত বিদ্যুত্স্পর্শে মাহিন্দ্র গুরুতর আহত হন। তাকে ভালুকা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হলে চিকিত্সক মৃত বলে জানান। চাঁপাইনবাবগঞ্জে বাই-সাইকেল আরোহী নিহত চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার নয়াগোলা এলাকায় গতকাল বুধবার ভোরে সড়ক দুর্ঘটনায় মনজুর আলী (৫০) নামে এক বাই-সাইকেল আরোহী নিহত হয়েছেন। চাঁপাইনবাবগঞ্জ সদর থানার ওসি জসিম উদ্দিন জানান, নিহত মনজুর আলী ভোরে বাড়ি থেকে বাই-সাইকেলযোগে বরেন্দ্র এলাকায় জমিতে যাচ্ছিলেন। ভোর সাড়ে ৬টায় নয়াগোলায় মা ডেন্টাল ক্লিনিকের সামনে একটি ট্রাক তাকে ধাক্কা মেরে পালিয়ে যায়। এতে মনজুর আলী ঘটনাস্থলেই মারা যান। চারঘাটে সড়ক দুর্ঘটনায় নিহত এক রাজশাহীর চারঘাটে যাত্রীবাহী বাস ও বালুবাহী ট্রাকের সংঘর্ষে গতকাল বুধবার সকালে লালবর নামে একজন নিহত এবং ১০ জন আহত হয়েছেন। আহতদের চারঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। মনোহরগঞ্জে শ্রমিকের মৃত্যু কুমিল্লার মনোহরগঞ্জে স’মিলে (করাতকল) হাত কেটে সৈয়দ আহমদ (৭০) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় মনোহরগঞ্জ বাজারের ইলিয়াসের স’মিলে কর্মরত অবস্থায় হাত কাটে। হাসপাতালে নেয়ার পর রাতেই তার মৃত্যু হয়।