ব্রাজিলের পালাবদল চলছেই

আপডেট : ১৬ জুলাই ২০১৪, ২১:৩৩
বিশ্বকাপ ব্যর্থতার পর প্রধান কোচ লুইস ফেলিপ স্কলারির পদত্যাগের পর মঙ্গলবারও ছাঁটাই অব্যাহত রয়েছে ব্রাজিল ফুটবল দলের স্টাফরুমে। ব্রাজিলিয়ান ফুটবল কনফেডারেশন (সিবিএফ) জানিয়েছে, সেমিফাইনালে চ্যাম্পিয়ন জার্মানির কাছে ৭-১ গোলে পরাজয়ের মাধ্যমে দলের বিশ্বকাপ মিশন শেষ হয়ে যাওয়ার পর সর্বশেষ টিম ডাক্তার হোসে লুইস রাঙ্কো এবং মিডিয়া প্রধান রড্রিগো পাইভাকে বরখাস্ত করা হয়েছে। স্কলারি এবং তার সহকারী সোমবার পদত্যাগ করেন। স্থানীয় গে¬াবো পত্রিকায় প্রকাশিত খবরে বলা হয়, ২০০২ বিশ্বকাপ জয়ী দলের ডাক্তার রাঙ্কো মঙ্গলবার পর্যন্ত দায়িত্ব পালন করেছেন। নকআউট পর্বে চিলির স্ট্রাইকার মুরিসিও পিনিল¬াকে ঘুষি মারার অপরাধে তিন ম্যাচের জন্য নিষিদ্ধ হয়েছিলেন পাইভা। এ ম্যাচে পেনাল্টিতে জয় পেয়েছিল ব্রাজিল। কেবলমাত্র হেড অব লজিস্টিক গুইলারমে রিবেইরো স্বপদে বহাল রয়েছেন। আগামীকাল সংবাদ সম্মেলন ডেকেছে সিবিএফ। স্কলারির বদলি হিসেবে করিন্থিয়ান্সের সাবেক কোচ টিটকে নিয়োগ দেয়ার কথা সংবাদ সম্মেলনের মাধ্যমে জানানো হতে পারে বলে ধারণা করা হচ্ছে।—বাসস