সরকারি খাল দখল করে অবৈধ স্থাপনা নির্মাণ

আপডেট : ১৬ জুলাই ২০১৪, ২১:৩৪
বানারীপাড়ায় সরকারি খাল দখল করে অবৈধ স্থাপনা নির্মাণের মহোত্সব চলছে। পৌরসভার ২ নং ওয়ার্ডের মাহমুদিয়া আলিম মাদ্রাসার পিছন থেকে বিস্তৃত খাল প্রভাবশালী ভূমিদস্যুরা অবৈধভাবে দখল করে বিভিন্ন স্থাপনা নির্মাণ করছে। সাবেক ও বর্তমান জনপ্রতিনিধিদের বিরুদ্ধেও খাল দখলের অভিযোগ রয়েছে। মাদ্রাসার পিছনে খালের ওপর মালয়েশিয়া প্রবাসী হুমায়ুন কবির সরদারের ৪ তলা, প্রবাসী গাফফারের একতলা ভবন ও মোঃ মজিবুর রহমানের বিরুদ্ধে কাঠের ঘর ও ভবন নির্মাণের অভিযোগ পাওয়া গেছে। বানারীপাড়ার পৌর মেয়র গোলাম সালেহ মঞ্জু মোল্লা বার বার নোটিশ প্রদান ও নিজ উদ্যোগে অবৈধ স্থাপনা ভেঙ্গে সরিয়ে নেয়ার জন্য মাইকিং করলেও তারা তা আমলে নিচ্ছেন না। বরং মজিবুর রহমান ২৪ ফুট খালের মাত্র ৫/৬ ফুট অংশ বাদ দিয়ে বাকি অংশের ওপর নতুন করে ভবন নির্মাণ শুরু করেছেন। এছাড়াও পোস্ট অফিস ও ভূমি অফিসের পিছন এবং হাসপাতালের সামনের খালসহ পৌর এলাকায় বেশ কয়েকটি খাল ভূমিদস্যুরা দখল করে রেখেছে। ফলে ময়লা আবর্জনা ও বৃষ্টির পানি নামতে না পারার কারণে পৌর এলাকায় জলাবদ্ধতা সৃষ্টি হয়ে পৌরবাসীকে দুর্ভোগ পোহাতে হচ্ছে।