পুলিশ বাহিনীর সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে হেলিকপ্টারসহ প্রয়োজনীয় যানবাহন জরুরি ভিত্তিতে সরবরাহ করার পদক্ষেপ নিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে সুপারিশ করেছে জাতীয় সংসদের সরকারি প্রতিশ্রুতি সম্পর্কিত কমিটি। গতকাল বুধবার সংসদ ভবনে অনুষ্ঠিত কমিটির বৈঠকে এই সুপারিশ করা হয়। বৈঠকে সংসদ অধিবেশনে তারকা চিহ্নিত বা তারকা চিহ্নবিহীন প্রশ্নের ওপর সম্পূরক প্রশ্নে যেসব প্রতিশ্রুতি দেওয়া হয়-সেগুলোকেও যাতে প্রতিশ্রুতি হিসেবে গণ্য করা হয় সেবিষয়ে কমিটি সুপারিশ করে।
কমিটির সভাপতি অধ্যাপক আলী আশরাফের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে কমিটির সদস্য- মুজিবুল হক, ফখরুল ইমাম ও ফজিলাতুন নেসা অংশ নেন। সংসদ সচিবালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বৈঠকে জননিরাপত্তা বিভাগ, স্বরাষ্ট্র মন্ত্রণালয় কর্তৃক গৃহীত প্রকল্পসমূহ নিয়ে আলোচনা হয়। প্রকল্পগুলো জননিরাপত্তার স্বার্থে দ্রুত বাস্তবায়নের জন্য কমিটি সুপারিশ করে।
