শার্শা রেজিস্ট্রি অফিসে দলিল লেখকদের দ্বন্দ্বে রেজিস্ট্রি বন্ধ

আপডেট : ১৬ জুলাই ২০১৪, ২১:৩৫
শার্শা উপজেলা সাব রেজিস্ট্রি অফিসে দলিল লেখকদের দুই গ্রুপের অভ্যন্তরীণ কোন্দলে দলিল রেজিস্ট্রি হচ্ছে না। ফলে সরকার প্রতিদিন ৫ লাখ টাকা রাজস্ব আয় থেকে বঞ্চিত হচ্ছে। জানা যায়, শিল্পী মিয়া নামের এক দলিল লেখকের নেতৃত্বে বর্তমান দলিল লেখক সমিতির সভাপতি মহাসিন আলীর নিকট সমিতির বিভিন্ন অনিয়ম-দুর্নীতির প্রতিবাদ জানায়। সভাপতি কোন উত্তর না দিয়ে ঘটনাস্থল ত্যাগ করলে শুরু হয় দলিল লেখক সমিতির দুই গ্রুপের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া। গত মঙ্গলবার সন্ধ্যায় দলিল লেখকদের বসার স্থান ও ছাউনি ভাংচুর ও বোমা ফাটিয়ে ত্রাস সৃষ্টি করে একটি পক্ষ। রাত ৮টা পর্যন্ত চলে এসব তাণ্ডব। পরে থানা থেকে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনাকে কেন্দ্র করে শার্শা সাব-রেজিস্ট্রি অফিসে কোন দলিল রেজিস্ট্রি সম্পাদন হচ্ছে না। এ ব্যাপারে উপজেলা সাব রেজিস্ট্রার মোজাহিদুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, দলিল লেখককের সমস্যার কারণে গতকাল বুধবারও কোন জমি রেজিস্ট্রি হচ্ছ না। বিষয়টি জেলা রেজিস্ট্রি কর্মকর্তাকে জানানো হয়েছে বলে তিনি জানান। এ ব্যাপারে উপজেলা চেয়ারম্যান সিরাজুল হক মঞ্জু জানান, যারা সাধারণ মানুষকে জিম্মি করে অর্থ আদায় করে এবং সমিতির নাম ভাঙ্গিয়ে চাঁদাবাজি করে তাদের পক্ষে আমি নই, অতি দ্রুত এ বিষয়টি সমাধান করা হবে।