কুলাউড়া পৌরসভার মেয়রের আহূত সংবাদ সম্মেলনের একদিন পর গতকাল বুধবার দুপুরে পাল্টা সংবাদ সম্মেলনে ৮নং ওয়ার্ডের কাউন্সিলর ইকবাল আহমদ শামিম অভিযোগ করেন, মেয়র নিজের অপরাধ ঢাকা দেয়ার উদ্দেশ্যে তার বিরুদ্ধে আহূত সংবাদ সম্মেলনে এক ভিত্তিহীন অভিযোগ দায়ের করেছেন। তিনি নিজেই চাল আত্মসাতের সংগে জড়িত। তিনি আরো অভিযোগ করেন, সরকারি নিয়ম-নীতি উপেক্ষা করে ২৪ সদস্য বিশিষ্ট মানবিক সহায়তা কমিটির অনুমোদন ছাড়াই নিজস্ব বলয় সৃষ্টি করে মেয়র কামাল উদ্দিন আহমদ জুনেদ পৌরসভার ৮ নং ওয়ার্ডের ১৫০ জন লোককে চাল না দিয়ে ফিরিয়ে দেন।
মেয়র নিজেই ভুয়া কার্ড তৈরি করে প্রায় ২০০ জনের ভিজিএফ এর চাল আত্মসাত্ করেন। মেয়রের এসব অনিয়মের বিরুদ্ধে উপজেলা নির্বাহী কর্মকর্তা, জেলা প্রশাসক বরাবরে তিনি লিখিত অভিযোগ দায়ের করেছেন এবং থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন। তিনি অবিলম্বে ৮নং ওয়ার্ডের বৈধ কার্ডধারীদের মধ্যে ভিজিএফ এর চাল বরাদ্দের দাবি জানান। তিনি অভিযোগ করেন, প্রত্যেককে ১০ কেজির স্থলে ৬-৭ কেজি করে চাল দেয়া হয়।
