পৌরসভার মর্যাদা পায়নি কাপাসিয়া

আপডেট : ১৬ জুলাই ২০১৪, ২১:৩৬
রাজধানী থেকে মাত্র ৬৫ কিলোমিটার উত্তরে এক অবহেলিত জনপদ গাজীপুরের কাপাসিয়া। মুক্তিযুদ্ধের সংগঠক ও স্বাধীন বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমদের জন্মভূমি এ কাপাসিয়ায় আজো লাগেনি উন্নয়নের ছোঁয়া। দেশের সর্বাধিক শিক্ষিত জনগোষ্ঠির এ উপজেলায় গড়ে ওঠেনি এখনো কোন শিল্প-কারখানা। নেই কোন সরকারি উচ্চবিদ্যালয় ও কলেজ। উপজেলার এক তৃতীয়াংশ এলাকায় অর্ধেকের বেশি মানুষের বিদ্যুত্ সংযোগ নেই, নেই গ্যাস সংযোগ। স্বাধীনতার পর এখান থেকে ৪ জন মন্ত্রী-প্রতিমন্ত্রী হলেও কাপাসিয়া আজো পৌরসভার মর্যাদা পায়নি। জানা যায়, তাজউদ্দিন আহমেদ স্বাধীন বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী হন। স্বাধীনতা পরবর্তীতে দায়িত্ব পান অর্থমন্ত্রীর। বিএনপির বর্তমান স্থায়ী কমিটির সদস্য আসম হান্নান শাহ খালেদা জিয়ার সরকারের পাটমন্ত্রী হিসাবে দায়িত্ব পালন করেন। তাজউদ্দিন আহমদের ছোট ভাই আফসারউদ্দিন আহমদ শেখ হাসিনার সরকারের গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করেন। পরবর্তীতে তাজউদ্দিন আহমদের ছেলে তানজিম আহমেদ সোহেল স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর দায়িত্ব লাভ করেন। অনেকে এমপি হয়েছেন। এছাড়া আওয়ামী লীগ-বিএনপির অনেক সিনিয়র নেতার বাড়ি কাপাসিয়ায়। এলাকার উন্নয়নে কেউ কথা রাখেননি। সরকারের উচ্চপদস্থ অনেক কর্মকর্তার বাড়িও এখানে। তারাও তেমন কোন ভূমিকা রাখেননি। ফলে রাজধানীর পার্শ্ববর্তী প্রায় সাড়ে ৪ লাখ মানুষ অধ্যুষিত সাড়ে তিন’শ বর্গ কিলোমিটারের এ জনপদটি আঁধারে ঘেরা। সত্যিই যেন প্রদীপের নীচে অন্ধকার।