রাজশাহীর দুর্গাপুরে ৫দিন যাবত্ বিদ্যুত্ নেই

আপডেট : ১৬ জুলাই ২০১৪, ২১:৪২
দুর্গাপুর উপজেলার দেবীপুর গ্রামে গত ৫ দিন যাবত্ বিদ্যুত্ নেই। ফলে গ্রামের শতাধিক বিদ্যুত্ গ্রাহকের পরিবারে দুর্ভোগ নেমে এসেছে। বিশেষ করে রমজানে সেহির, ইফতার ও তারাবীহ্ নামাজে এলাকার মুসল্লীরা ভোগান্তির শিকার হচ্ছেন। জানা গেছে, গত শুক্রবার রাত ১০টার দিকে দেবীপুর বিএম কলেজ সংলগ্ন বৈদ্যুতিক ট্রান্সফরমার পুড়ে এলাকায় বিদ্যুত্ চলে যায়। এরপর স্থানীয় লোকজন বিদ্যুতের জন্য দুর্গাপুর পল্লী বিদ্যুত্ সমিতির অফিসে যোগাযোগ করেন। কিন্তু সেখানকার কর্মকর্তারা ওই পুড়ে যাওয়া ট্রান্সফরমারের মূল্যবাবদ প্রায় ২০ হাজার টাকা দাবি করেন। কিন্তু গ্রামের লোকজন টাকা পরিশোধ করতে না পারায় ৫ দিনেও দেবীপুর গ্রামে বিদ্যুত্ সংযোগ দেয়া হয়নি। এ প্রসঙ্গে পবিস দুর্গাপুর জোনের ডিজিএম রমেন্দ্র চন্দ্র রায় বলেন, ওভার লোডের কারণে ট্রান্সফরমারটি পুড়ে গেছে। এ ব্যাপারে দুর্গাপুর পৌরসভার মেয়র তোফাজ্জল হোসেন ও ভুক্তভোগী গ্রাহকরা তার সাথে যোগাযোগ করেছেন। ওই ট্রান্সফরমার মেরামতের খরচ গ্রাহকদের দিতে হবে। কিন্তু তারা টাকা জমা দেয়নি বলে ওই ট্রান্সফরমারটি মেরামত করা সম্ভব হচ্ছে না। রাবিতে পাল্টাপাল্টি হামলায় আহত ছাত্রলীগের দুই বহিষ্কৃত নেতা রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পাল্টাপাল্টি হামলায় ছাত্রলীগের দুই বহিষ্কৃত নেতা আহত হয়েছেন। মঙ্গলবার বিকাল ৫টার দিকে ক্যাম্পাসের মাদার বখশ হলের সামনে এই ঘটনা ঘটে। ঘটনার পর দু’জনকেই হাসপাতালে ভর্তি করা হয়েছে। এরা হলেন, বহিষ্কৃত সহ-সভাপতি আতিকুর রহমান আতিক এবং বহিষ্কৃত সাংগঠনিক সম্পাদক কাউছার আহমেদ কৌশিক। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, টাকা লেনদেনকে কেন্দ্র করে কৌশিক ও আতিকের সাথে কথা কাটাকাটির এক পর্যায়ে কৌশিক রড দিয়ে আতিকের মাথায় আঘাত করে। এসময় আতিক সঙ্গে থাকা চাপতি দিয়ে কৌশিকের পিঠে কোপ দেয়। পরে পুলিশ উভয়কে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। ছাত্রলীগের সাধারণ সম্পাদক তৌহিদ আল তুহিন বলেন, দুই বহিষ্কৃত নেতার মধ্যে মারামারির ঘটনা শুনেছেন। তবে কি নিয়ে মারামারি হয়েছে তা জানেন না।