প্রতিবন্ধীদের মেধা বিকাশে ধনীদের এগিয়ে আসতে প্রধানমন্ত্রীর আহ্বান

আপডেট : ১৬ জুলাই ২০১৪, ২২:৪০
প্রধানমন্ত্রী শেখ হাসিনা শারীরিক প্রতিবন্ধীদের মেধা বিকাশে এগিয়ে আসতে দেশের ধনী ব্যক্তিদের প্রতি আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, দেশে ধনী ব্যক্তির কোনো অভাব নেই। সুতরাং প্রতিবন্ধীদের মেধা বিকাশে এগিয়ে আসতে আমি তাদের প্রতি আহ্বান জানাই। তিনি আরো বলেন, প্রতিবন্ধীদের যথাযথ সুযোগ-সুবিধা দেয়া গেলে তারাও নিজেদের দেশের সোনার সন্তান হিসেবে প্রমাণ রাখতে পারবে। এ প্রেক্ষিতে প্রধানমন্ত্রী দেশের বালক-বালিকাদের সাফল্য যথাযথভাবে তুলে না ধরার জন্য সংবাদ মাধ্যমের সমালোচনা করেন। সম্প্রতি ভারতে টি-টোয়েন্টি সিরিজ জয় উপলক্ষে বাংলাদেশ ক্রিকেট এসোসিয়েশন ফর দ্য ফিজিক্যালি চ্যালেঞ্জেড-এর কর্মকর্তা ও খেলোয়াড়রা গতকাল বুধবার সকালে গণভবনে প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করতে গেলে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বিখ্যাত অটিজম বিশেষজ্ঞ ও প্রধানমন্ত্রীর কন্যা সায়মা হোসেন পুতুল, সংস্থার প্রধান পৃষ্ঠপোষক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. আ আ ম স আরেফিন সিদ্দিক, পৃষ্ঠপোষক ও বিখ্যাত অর্থনীতিবিদ প্রফেসর আবুল বারকাত, সংস্থার প্রেসিডেন্ট প্রফেসর ড. শেখ আবদুস সালাম এবং জেনারেল সেক্রেটারি ইঞ্জিনিয়ার মুকসেদুর রহমান বক্তৃতা করেন। এ সময়ে অন্যান্যের মধ্যে অ্যাম্বাসেডর এট-লার্জ এম জিয়াউদ্দিন, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব আবদুস সোবহান শিকদার এবং প্রধানমন্ত্রীর প্রেস সচিব এ কে এম শামীম চৌধুরী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। খেলোয়াড় ও কর্মকর্তাদের অভিনন্দন জানিয়ে শেখ হাসিনা ভারতের মাটিতে এ জয়কে বড়ো ধরনের অর্জন বলে উল্লেখ করেন। প্রসঙ্গত শারীরিক প্রতিবন্ধী বিষয়ক বাংলাদেশ ক্রিকেট এসোসিয়েশন সম্প্রতি ভারতের বিরুদ্ধে টি-২০ সিরিজে তিনটি ম্যাচে ২-১ জয়লাভ করে। প্রধানমন্ত্রী বলেন, স্বাস্থ্য, সমাজকল্যাণ, নারী ও শিশু এবং যুব ও ক্রীড়া বিষয়ক মন্ত্রণালয় প্রতিবন্ধীদের কল্যাণের জন্য বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করছে। রাজধানীতে প্রতিবন্ধীদের জন্য হোস্টেল নির্মাণের কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, পর্যায়ক্রমে রাজধানী ঢাকার বাইরেও এ ধরনের হোস্টেল নির্মাণ করা হবে। শেখ হাসিনা বলেন, দেশের শারীরিক প্রতিবন্ধীর তালিকা প্রণয়নে জরিপ চালানো হচ্ছে। তাদের ভাতা দেয়া হবে। প্রতিবন্ধী পরীক্ষার্থীদের জন্য নির্ধারিত সময়ের বাইরেও অতিরিক্ত ২০ মিনিট সময় বরাদ্দ রয়েছে। শেখ হাসিনা বলেন, রাজধানীতে প্রতিবন্ধীদের জন্য একটি বিশেষ ক্রীড়া কমপ্লেক্স নির্মাণ করা হচ্ছে। এখানে তারা সব ধরনের খেলাধুলার চর্চা করতে পারবে। এ ধরনের ক্রীড়া কমপ্লেক্স পর্যায়ক্রমে জেলা ও উপজেলা পর্যায়েও নির্মাণ করা হবে বলে তিনি জানান। শেখ হাসিনা বলেন, সরকার দেশে একটি অটিজম একাডেমি প্রতিষ্ঠা করবে। এতে প্রতিবন্ধীরা তাদের মেধা বিকাশ ঘটানোর সুযোগ পাবে। এ প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, তিনি প্রতি বছর শারীরিক প্রতিবন্ধী শিশুদের আঁকা ছবি দিয়ে করা ঈদ ও নববর্ষের শুভেচ্ছা কার্ড জনগণের কাছে পাঠাচ্ছেন। প্রধানমন্ত্রী প্র্রতিবন্ধীদের জন্য রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা প্রদানের কথা উল্লেখ করে বলেন, তাদের জন্য সুযোগ করে দেয়া গেলে তারা ক্রীড়া ও সংস্কৃতির ক্ষেত্রে সব সময় চমত্কার অবদান রাখতে পারবে। তাদের উত্সাহ যোগানো রাষ্ট্রের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তিনি প্রতিবন্ধীদের জন্য সিএসআর কর্মসূচি অব্যাহত রাখতে সরকারি ও বেসরকারি ব্যাংকগুলোর প্রতিও আহ্বান জানান। প্রধানমন্ত্রী অনুষ্ঠানে শারীরিক প্রতিবন্ধীদের জন্য বাংলাদেশ ক্রিকেট এসোসিয়েশনে এক কোটি টাকা দেয়ার ঘোষণা দেন।