ঈদের আগে বেতন বোনাস

৫০০ গার্মেন্টস কারখানায় গণ্ডগোলের আশঙ্কা পুলিশের

আপডেট : ১৬ জুলাই ২০১৪, ২২:৪৪
আগামী পবিত্র ঈদ-উল-ফিতরের আগে তৈরি পোশাক শিল্পের শ্রমিকদের বেতনভাতা নিয়ে উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হতে পারে। এ বিষয়ে মালিকদের সতর্ক করে দিয়েছে আইন-শৃংখলা বাহিনী। বিশেষায়িত বাহিনী শিল্পাঞ্চলীয় পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে, বেতন ভাতা নিয়ে দেশের অন্তত: পাঁচশ কারখানার শ্রমিকের মধ্যে অসন্তোষ রয়েছে। এসব কারখানার শ্রমিকরা এখন পর্যন্ত গত জুন মাসের বেতন পাননি। আবার কোন কোন কারখানায় দীর্ঘদিন ধরে বেতন-ভাতা পরিশোধ করা হচ্ছে না। ঢাকা, সাভার, নারায়ণগঞ্জ, চট্টগ্রাম এবং আশুলিয়া অঞ্চলের কারখানাগুলো থেকে ওই পাঁচশ কারখানার তালিকা তৈরি করা হয়েছে। তবে মালিকদের সংগঠন বিজিএমইএ বলেছে, বেতন-ভাতা নিয়ে সমস্যায় আছে এমন কারখানার সংখ্যা আড়াইশোর বেশি হবে না। এসব কারখানার প্রতি নজর রাখা হয়েছে। নাম প্রকাশ না করার শর্তে বিজিএমইএর একজন কর্মকর্তা বলেন, শুরুর দিকে সমস্যায় আক্রান্ত কারখানার সংখ্যা ছিলো এক হাজারের মতো। মালিকদের সাথে কথা বলে অনেকের সমস্যার সমাধান করা হয়েছে। তবে, সমপ্রতি বিজিএমইএ এবং বিকেএমইএর পক্ষ থেকে বলা হয়েছে, আগামী ২৬ জুলাইয়ের মধ্যে শ্রমিকদের বেতন-ভাতা পরিশোধ করা হবে। শ্রম ও জনশক্তি প্রতিমন্ত্রী মুজিবুল হক চুন্নুর সাথে বৈঠক করার পর ওই সংগঠনের নেতারা এ অংগীকার করেন। তবে এ নিয়ে কারখানা মালিকদের মধ্যে মতবিরোধ রয়েছে। বিজিএমইএর সাবেক সভাপতি আব্দুস সালাম মুর্শেদী বলেন, ২৬ জুলাইয়ের মধ্যে সব কারখানার বেতন ভাতা দেয়া যাবে-এমন কথা ঠিক নয়। সব কারখানার অবস্থা একরকম নয়। তিনি বলেন, গত তিনবছরে পোশাক শিল্প খাতে ২১৯ ভাগ বেতন বেড়েছে। এর বিপরীতে নানা ধরনের সেবাসহ ব্যাংকঋণের সুদ বেড়েছে। ক্রেতারা পোশাকের দাম কমিয়ে দিয়েছেন। পোশাকের দাম কমে যাওয়ায় অনেকে প্রতিযোগিতায় পিছিয়ে পড়েছেন। এসব অবস্থা আমাদের বিবেচনায় নিতে হবে। শিল্পাঞ্চল পুলিশ সূত্রে জানা গেছে, ঈদের আগে বেতন ভাতা পরিশোধ করতে পারবে না-এমন পাঁচশটি কারখানাকে গভীরভাবে পর্যবেক্ষণে রাখা হয়েছে। বেতন-ভাতা পরিশোধের কারণে যাতে কোন প্রকার বিশৃংখলা সৃষ্টি না হয় সেজন্য কারখানা মালিকদের সাথে নিয়মিত যোগাযোগ করা হচ্ছে। শিল্পাঞ্চল পুলিশের ডিজি আব্দুস সালাম জানান, অনেক কারখানা এখনো জুন মাসের বেতন-ভাতা পরিশোধ করেনি। বেতনের দাবিতে ইতিমধ্যে বেশ কিছু কারখানায় আন্দোলন হয়েছে। কোন কোন কারখানায় ২০ রমজানের আগে বেতন-ভাতা পরিশোধের দাবিতে মিছিল হয়েছে। তিনি জানান, কয়েকটি কারখানা মালিক ঈদের আগে বোনাসসহ জুলাই মাসের বেতনের অর্ধেক পরিশোধ করতে রাজি হয়েছে। তবে, গার্মেন্টস খাতের শ্রমিক সংগঠনগুলো ২৫ রমজানের আগে বেতন ও উত্সব বোনাস দেয়ার জন্য মালিকদের প্রতি আহ্বান জানিয়েছে। টেক্সটাইল গার্মেন্টস ওয়ার্কার্স ফেডারেশনের সাধারণ সম্পাদক তপন সাহা বলেন, ২৫ রমজানের মধ্যে বেতন ও বোনাস পরিশোধ না করলে যদি কোন অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির সৃষ্টি হয় তার জন্য শ্রমিকরা দায়ী থাকবে না।